শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

​​​​​​​ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের নিরাপত্তাই প্রশ্নের মুখে

নেপথ্যের মদতদাতা ও অপরাধের অর্থনৈতিক নেটওয়ার্ক কতটা গভীরে

নেপথ্যের মদতদাতা ও অপরাধের  অর্থনৈতিক নেটওয়ার্ক কতটা গভীরে

ছবি সংগৃহীত

পুলিশের কাজ অপরাধ দমন করা, অপরাধীদের খুঁজে বের করা, মাদক স্পট চিহ্নিত করা, অপরাধের তথ্য সংগ্রহ করা। অথচ সেই দায়িত্ব পালন করতে গিয়েই নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রাণ দিতে হলো পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে। পুলিশের পোশাক ছিল না গায়ে। তিনি ছিলেন সাদা পোশাকে, গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে; কিন্তু শেষ রক্ষা হয়নি। কাশীপুরের হাশেমবাগে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন তিনি।

ঘটনার ছয় দিন পরও এই হত্যাকাণ্ড নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছয়জন গ্রেপ্তার হয়েছেন। তাদের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযানে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগও উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন পুলিশ সদস্যকে হত্যার মতো দুঃসাহস অপরাধীরা পেল কোথা থেকে? একটি এলাকায় মাদক কারবারের এমন শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠল কীভাবে? আর সেই নেটওয়ার্কের নেপথ্যে কারা?

গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার। এএসআই সাত্তার প্রাণে বাঁচলেও আনোয়ারকে বাঁচানো যায়নি। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল তথা ভিক্টোরিয়ায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের বয়স ৩২ বছর। ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় আট বছর নয় মাসের চাকরিজীবনের অবসান ঘটল দায়িত্ব পালন করতে গিয়ে। ২৩ নভেম্বর ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা হয়। মামলার তদন্তের দায়িত্ব পান এসআই মো. রফিক।

ছয়জন গ্রেপ্তার, দুজনের স্বীকারোক্তি: হত্যাকাণ্ডের পর পুলিশ ও বিশেষায়িত বাহিনীর অভিযান শুরু হয়। ২৫ নভেম্বর রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, আব্দুস সামাদ, জাবেদ কায়সার ওরফে আজাদ, মাহমুদুল হাসান ও আদর।

পুলিশের অভিযানের সময় ডেভিডকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, সে সময় ককটেল নিক্ষেপে চার পুলিশ সদস্য আহত হন। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ডেভিডের পায়ে আঘাত লাগে। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। অভিযানে ধারালো অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধারের কথাও প্রকাশিত হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে ২৭ নভেম্বর। গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন জাবেদ কায়সার ওরফে আজাদ এবং মাহমুদুল হাসান। অন্য আসামিদের মধ্যে কয়েকজন রিমান্ডে রয়েছেন। তবে আদালতে দেওয়া জবানবন্দির পূর্ণ বিবরণ প্রকাশ্যে না আসায় কার কী ভূমিকা ছিল, কে সরাসরি হামলায় অংশ নিয়েছে, কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

হাশেমবাগে মাদকের সাম্রাজ্য: এই হত্যাকাণ্ডের সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে, হাশেমবাগ এলাকায় অপরাধী চক্রের তৎপরতা নতুন নয়। মাদক কারবার, কিশোর গ্যাং এবং পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ আগেও সামনে এসেছে।

চলতি বছরের মে মাসে হাশেমবাগে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ তদন্ত করতে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই ঘটনায়ও মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। অর্থাৎ কনস্টেবল আনোয়ার হত্যার আগে থেকেই এলাকাটিতে পুলিশের সঙ্গে অপরাধী চক্রের সংঘাতের নজির ছিল।

এবারের তদন্তে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেভিডের নিয়ন্ত্রণে হাশেমবাগে প্রায় ৪০ থেকে ৪৫ জন মাদক বিক্রেতা কাজ করতেন বলে অভিযোগ উঠেছে। তাদের কাছে মোবাইল ফোন, সুইচ গিয়ার ও ইয়াবা সরবরাহ করা হতো। নির্দিষ্ট পরিমাণ মাদক বিক্রির পর টাকা জমা দেওয়ার ব্যবস্থাও ছিল।

যদি এই তথ্য তদন্তে প্রমাণিত হয়, তাহলে এটি বিচ্ছিন্ন কোনো মাদক বিক্রির ঘটনা নয়; বরং সংগঠিত ব্যবসায়িক কাঠামোর ইঙ্গিত দেয়। প্রশ্ন হচ্ছে, এতগুলো বিক্রয়কেন্দ্র, সরবরাহকারী, অর্থ সংগ্রাহক ও সহযোগী দীর্ঘদিন ধরে কীভাবে সক্রিয় ছিল? তাদের অর্থের উৎস কোথায়? মাদকের চালান আসে কোন পথে? কারা সরবরাহ করে? এসব প্রশ্নের উত্তর বের করা জরুরি।

অপরাধীদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নতুন নয়। বর্তমান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় অভিযান জোরদারের কথা উঠে এসেছে। সাতটি থানা, গোয়েন্দা পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিযান শেষে অপরাধের মূল নেটওয়ার্ক কতটা ভাঙছে?

নারায়ণগঞ্জে শতাধিক কিশোর গ্যাং সক্রিয় থাকার অভিযোগ দীর্ঘদিনের। মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর নাম জড়িয়ে আলোচনায় এসেছে। পুলিশের পরিসংখ্যানেও মাদকসংক্রান্ত মামলার বিপুল চাপের চিত্র রয়েছে। ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলায় মাদকসংক্রান্ত মামলা হয়েছে ২৭ হাজার ৬৭৩টি। সংখ্যাটি শুধু মামলা নয়, সমস্যার গভীরতাও নির্দেশ করে।

অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। মাদকের অর্থের জোগানদাতা, সরবরাহকারী, বিক্রেতা, আশ্রয়দাতা এবং অপরাধের মুনাফাভোগীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে কোনো অপরাধী রাজনৈতিক বা সামাজিক প্রভাব খাটিয়ে আশ্রয় পাচ্ছে কি না, তাও তদন্তের আওতায় আনতে হবে।

গোয়েন্দা অভিযানে নিরাপত্তা কোথায়? আনোয়ার হত্যাকাণ্ড পুলিশের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে অপরাধপ্রবণ এলাকায় তথ্য সংগ্রহে গেলেন। তাদের সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা সহায়তা ছিল কি না, অভিযানটি কীভাবে পরিকল্পনা করা হয়েছিল, ব্যাকআপ টিম প্রস্তুত ছিল কি না—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।

একই সঙ্গে হামলাকারীরা কীভাবে তাদের উপস্থিতি টের পেল, পুলিশের পরিচয় আগে থেকেই জানত কি না, কিংবা গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। সাদা পোশাকে দায়িত্ব পালন অপরাধ দমনের একটি স্বাভাবিক কৌশল। কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকায় এমন অভিযান পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা দুর্বল হলে তার মূল্য দিতে হয় জীবন দিয়ে।

রাঘব বোয়ালরা কোথায়? এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার এবং দুজনের স্বীকারোক্তি তদন্তে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখানেই যেন তদন্ত থেমে না যায়। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সরাসরি হামলাকারী, অস্ত্র সরবরাহকারী এবং মাদক ব্যবসার অর্থনৈতিক পৃষ্ঠপোষকদের শনাক্ত করতে হবে।

আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ—মাদক কারবারের অভিযোগে যাঁদের নাম আসছে, তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেই আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করা যাবে না।

হাশেমবাগের এই হত্যাকাণ্ড নারায়ণগঞ্জ পুলিশের জন্যও এক ধরনের সতর্কবার্তা। যে এলাকায় পুলিশ সদস্যদের জীবন নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? অপরাধীরা যদি পুলিশের ওপর হামলা করার সাহস পায়, তাহলে সাধারণ মানুষ কীভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে?

কনস্টেবল আনোয়ার মোল্লার মৃত্যু যেন আরেকটি মামলার পরিসংখ্যানে হারিয়ে না যায়। তার হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি হাশেমবাগের অপরাধী নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলতে হবে। শুধু চুনোপুঁটি গ্রেপ্তার নয়, ধরতে হবে রাঘব বোয়ালদেরও। অন্যথায় এক আনোয়ারের জায়গায় আরেক আনোয়ারকে প্রাণ দিতে হতে পারে।