মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

​​​​​​​নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৩১, ১৩ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারে কোনো রকমে সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজারে কোনো রকমে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ছবি সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। এতে প্রধান মূল্যসূচক কোনো রকমে বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এতে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৬৫টির দাম কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ২৯টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৩১টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। কোনো মিউচুয়াল ফান্ডের দাম কমেনি।
দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫২ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৬ কোটি ৭১ লাখ টাকা।
এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইভিন্স টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১১ লাখ টাকার। ১১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আইপিডিসি ফাইন্যান্স, বেক্সিমকো, আনোয়ার গ্যালভানাইজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং ব্র্যাক ব্যাংক।
অন্য পুঁজিবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১০৩টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯ কোটি ৪ লাখ টাকা।