বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশ: ১৯:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি সংগৃহীত

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ১২ সেপ্টেম্বর শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

গতকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডেঙ্গুর মোকাবিলায় আগামী তিন মাসজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং বিভিন্ন বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।