শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রতিনিধি নরসিংদী

প্রকাশ: ১৮:৫৭, ৩০ আগস্ট ২০২৬

নরসিংদী জেলা কারাগারে বন্দিদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

নরসিংদী জেলা কারাগারে বন্দিদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

ছবি সংগৃহীত

নরসিংদী জেলা কারাগারে বন্দিদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের লক্ষ্যে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার নরসিংদী জেলা কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে বন্দিদের জন্য চারটি টেলিভিশন, হারমোনিয়াম ও তবলা এবং মহিলা বন্দিদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া কারাগারে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীও প্রদান করা হয়।

উপকরণ বিতরণের সময় বন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ তৈরি হওয়ায় বন্দিরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা ম্যাজিস্ট্রেটের আগমনে কারাগার প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল।

এসময় উপস্থিত ছিলেন জেলার হুমায়ুন কবির, কারাগারের প্রফেশন অফিসার, সহকারী সার্জন, ডেপুটি জেলারসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাগারে অবস্থানরত ব্যক্তিদের শুধুমাত্র শাস্তি প্রদান নয়, বরং তাদের সংশোধন, মানসিক বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলাই আধুনিক কারা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ বন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।