রশিকনগর মাদ্রাসার রাস্তা, কাদা-গর্তে দুর্ভোগ
ছবি সংগৃহীত
বর্ষা এলেই কাদা আর পানিতে একাকার হয়ে যায় পথ। কোথাও বড় গর্ত, কোথাও উঠে গেছে ইট, আবার কোথাও রাস্তার মাটি ধসে পড়েছে। যানবাহন নিয়ে মাদ্রাসার ফটক পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই হয়ে ওঠে কঠিন। বাধ্য হয়ে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিকনগর দাখিল মাদ্রাসার একমাত্র যাতায়াতের রাস্তার চিত্র এটি। প্রায় পাঁচ বছর ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন বেহাল। বর্ষায় কাদা ও পানিতে দুর্ভোগ আরও বাড়ে। শুধু মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী নয়, আশপাশের প্রায় ২০০ পরিবারের মানুষও প্রতিদিন এই পথ ব্যবহার করেন।
সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসায় যাওয়ার রাস্তাটির বিভিন্ন অংশে ইট ও মাটি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে রাস্তার দুই পাশের মাটি সরে গেছে। কোথাও কোথাও ভেঙে পড়েছে রাস্তার অংশ। জমে থাকা কাদা-পানির কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলাও কঠিন। রিকশা, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন নিয়ে মাদ্রাসার কাছাকাছি যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত রশিকনগর দাখিল মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১৭ জন। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াতের একমাত্র পথটির এমন দুরবস্থা হলেও দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কার হয়নি।
মাদ্রাসার শিক্ষার্থী ফাতেমা বলেন, “ভাঙা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে অনেক কষ্ট হয়। প্রায়ই হোঁচট খেতে হয়। বর্ষায় কাদা ও পানি থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।”
আরেক শিক্ষার্থী সুমাইয়া বলেন, “বর্ষার সময় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পানি ও কাদার কারণে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে।”
মাদ্রাসার সহকারী মৌলভী জহির হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙা। গাড়ি নিয়ে মাদ্রাসা পর্যন্ত আসা যায় না। নিচে গাড়ি রেখে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে আসতে হয়।”
মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আজিজুল হক বলেন, রাস্তাটির দুরবস্থার কথা জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। সংস্কারের বিষয়ে আশ্বাসও পাওয়া গেছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। অনেক সময় পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “বর্ষা হলে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করাই কঠিন হয়ে পড়ে। মাদ্রাসার পেছনে প্রায় ২০০ পরিবারের বসবাস। তাদের চলাচলের প্রধান পথও এটি।”
দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজ ভূঁইয়া বলেন, “রাস্তাটি সত্যিই বেহাল অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং কয়েক শ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কার করা জরুরি। তাঁদের প্রশ্ন্তশিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার এই একমাত্র পথটি আর কতদিন কাদা-গর্তে পড়ে থাকবে?