বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

প্রকাশ: ১৮:২৮, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৩, ১৮ নভেম্বর ২০২৬

পুলিশ হেফাজতে শিশুর মা

নিখোঁজের দুই দিন পর মহম্মদপুরে পুকুরে মিলল শিশুর মরদেহ

নিখোঁজের দুই দিন পর মহম্মদপুরে পুকুরে মিলল শিশুর মরদেহ

রাসমিকা চক্রবর্তী

মাগুরা জেলার মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী এক শিশু রাসমিকা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  (১৮ নভেম্বর) বুধবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরের উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত  শিশু মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর এলাকার ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে ঠাকুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর থেকে বালিদিয়া যাওয়ার সড়কের উত্তর পাশে মৃত আব্দুস সামাদের পুকুরে শিশুটির মরদেহ স্থানীয় লোকজন ভেসে থাকতে দেখতে পায়। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 গত ১৭ নভেম্বর সন্ধ্যার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশুটির মা নন্দিতা চক্রবর্তীর বলে ছিল, অটোরিকশায় করে যাওয়ার সময় রাজাপুর বাজারসংলগ্ন এলাকায় বোরখা পরিহিত দুই নারী তাঁকে অচেতন করে তাঁর কাছ থেকে শিশুটিকে নিয়ে যায়।

 নন্দিতা চক্রবর্তীর দেওয়া ভাষ্যমতে, সোমবার বিকেল বেলা ৮  মাস বয়সী মেয়েকে নিয়ে শীতের কাপড় ক্রয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ।পথে রাজাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে অটোরিকশায় থাকা দুই নারীর একজন তাঁর নাকের কাছে ফুলের মতো কিছু ধরে। এরপর‌ই  নন্দিতা অচেতন হয়ে পড়ে। 
এলাকাবাসী তাঁকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর মেয়েকে না পেয়ে তিনি কান্নাকাটি শুরু করেন।

এমন ঘটনায় শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেন। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেন।

তবে নিখোঁজের দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এর আগেও এই দম্পতির আরেকটি শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। বিষয়টি তদন্তের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রহস্যজনক এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

মা'কে পুলিশ হেফাজতে নেওয়া হলেও শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কার কার সম্পৃক্ততা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।