বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৭:০৭, ২৮ জুন ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪১

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪১ শিশু এবং পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ১১৬ শিশু।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় দুই, সিলেটে এক এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন এবং হামের উপসর্গে ৬১৯ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭১২ জনে।

একই সময়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬৫ শিশু।