প্রকৌশলী সেলিম জানে আলমের পদচিহ্ন...
ছবি সংগৃহীত
দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময়ের পেশাদার ও কারিগরি অভিজ্ঞতা সম্কন্ন এক দূরদর্শী কাণ্ডারির হাত ধরে বদলে যেতে শুরু করেছে সেবা সংস্থা চট্টগ্রাম ওয়াসা। দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মাথায় নিজের মেধা, ক্ষুরধার সিদ্ধান্ত এবং মানবিক দৃষ্টিভঙ্গির আলোয় চট্টগ্রাম ওয়াসায় সূচিত হয়েছে এক অভূতপূর্ব প্রশাসনিক ও উন্নয়নমূলক বিপ্লব। তার এই সফলতার পথচলা এক দিনে শুরু হয়নি। এর পেছনে রয়েছে বহু রক্তঝড়া ইতিহাস।
কুমিল্লার বুড়িচং থেকে ডুয়েট: ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ভারেল্লা গ্রামে জন্ম নেওয়া সেলিম মো. জানে আলম ছাত্রজীবন থেকেই ছিলেন অনন্য মেধার অধিকারী। ভারেল্লা শাহ নুরুদ্দীন হাই স্কুল থেকে মাধ্যমিক এবং কুমিল্লা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অর্জন করেন। এরপর তার মেধার সর্বোচ্চ স্বীকৃতি মেলে ১৯৯৫ সালে, যখন তিনি দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা ও ডুয়েট ছাত্র সংসদের নির্বাচিত ভিপি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন। রাজপথের সাহসী ছাত্ররাজনীতি এবং সামপ্রতিক চব্বিশের জুলাই আন্দোলনেও তার সক্রিয় ও বীরত্বপূর্ণ অংশগ্রহণ আজ তাকে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বজ্রকঠিন মনোবল জুগিয়েছে।
পেশাদার প্রকৌশলী হিসেবেও তার পরিচিতি সর্বজনবিদিত। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সম্মানিত ফেলো এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সফল সাবেক সভাপতি। এ ছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হিসেবে তিনি পেশাজীবীদের কল্যাণে অনন্য স্বাক্ষর রেখে চলেছেন।
দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবন ও অভিজ্ঞতার মহাসমুদ্র: ১৯৯৬ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্কন্ন মালয়েশিয়ার হং লিওং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আলিতা (বিডি) লিমিটেডে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবনের শুভ সূচনা হয়। সেখানে চার বছরেরও বেশি সময় ধরে নিজের কারিগরি দক্ষতার ভিত মজবুত করার পর তিনি ‘সেলিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এ কনসালট্যান্ট হিসেবে পাঁচ বছরেরও বেশি সময় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে দেশের সুপরিচিত প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডে তিনি দীর্ঘ ১৯ বছর নেতৃত্ব দেন, যার মধ্যে ১০ বছর নির্বাহী পরিচালক এবং সাড়ে ৯ বছর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।