মহানবীর আদর্শে নৈতিক প্রজন্ম গড়তে হবে: মেহেদী হাসান এলিস
ছবি সংগৃহীত
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
তিনি বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, মানবিকতা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তার জীবনাদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
গতকাল বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কাজী আজিম উদ্দিন কলেজ ও ছোট দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী আজিম উদ্দিন কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুল ইসলাম। এতে গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইসলামিক গজল, হামদ ও নাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস কলেজের ফুটবল দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কলেজের গাড়ি রাখার জন্য নির্মিত গ্যারেজ উদ্বোধন করেন।
অন্যদিকে, ছোট দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. লতিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে গজল, হামদ ও নাত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।