সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে বৃক্ষনিধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪ হাজার ৫০০ বৃক্ষনিধনের প্রতিবাদে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বন বিভাগের সিন্ডিকেট ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় ইচ্ছারচর বাজার এতিমখানা-সংলগ্ন সাচনা রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে অযৌক্তিকভাবে ৪ হাজার ৫০০টি গাছ কাটার প্রতিবাদে এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত অসাধু সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিদের পাশাপাশি স্থানীয়দের উপস্থিতি ছিল ব্যাপক। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি, সাধারণ সম্পাদক, নারী সদস্য ও স্থানীয় পরিবেশ সচেতন সাধারণ জনগণ।
সমাবেশে বক্তারা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওই সড়কে বর্তমানে সমপ্রসারণ বা উন্নয়নের কোনো কাজ নেই। অথচ বন বিভাগ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে এরই মধ্যে এক হাজারের অধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে উজাড় করছে। সওজের বক্তব্য এবং বন বিভাগের কর্মকাণ্ডের এই সুস্পষ্ট বৈপরীত্য প্রমাণ করে যে, এটি উন্নয়নমূলক কোনো প্রয়োজন নয়, বরং বন বিভাগের একটি অসাধু চক্র বা সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলে এই গণ-বৃক্ষনিধনে মেতে উঠেছে।
এ ব্যাপারে বন বিভাগ সুনামগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ওই সড়কে লাগানো গাছগুলোর বয়স ২৪-২৫ বছর হয়ে গেছে। অনেক গাছ মরে গেছে বা নষ্ট হয়ে গেছে। সাধারণত ১০-১১ বছর পরপর গাছ কেটে আবার নতুন করে লাগানোর কথা। অন্য স্থানীয় অংশীজনেরা গাছ কাটার জন্য তাগিদ দিচ্ছিলেন। দেড় বছর আগে নাম্বারিং করে গাছ বিক্রি করা হয়েছে। নানা কারণে ওই সময়ে কাটা হয়নি, এখন কাটা হচ্ছে।’
নতুন করে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘বিক্রয়লব্ধ অর্থের ১০ শতাংশ অর্থ নতুন গাছ লাগানোর জন্য বরাদ্দ থাকবে, এটাই আইন। সরকারের কোনো টাকা লাগবে না, ওই টাকা দিয়েই গাছ লাগানো হবে।’ তবে কবে কখন গাছ লাগানো হবে তার সঠিক তথ্য দিতে পারেননি তিনি।
বিক্ষোভ সমাবেশ থেকে সুস্পষ্ট চারটি দাবি উত্থাপন করেন আয়োজকেরা। দাবিগুলো হলো—
১. সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে গাছ কাটার চলমান সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
২. সামাজিক বনায়নের সুবিধাভোগীদের লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে।
৩. গাছ কাটার নেপথ্যে বন বিভাগ, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনে জড়িত বন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসককে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।
এরই মধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে ওই রুটে নতুন করে দ্বিগুণ সামাজিক বনায়ন নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, আগামী ২৪ ঘণ্টার ভেতরে গাছ কাটা বন্ধ না হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হবে।