‘সবকিছু ভুলে যাও’—মেসির কথায় আর্জেন্টিনা শিবিরে কী ঘটেছিল?
ছবি-এনডিটিভি
২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল—এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কিছু কথাকে ঘিরেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফাইনালের আগে ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি সতীর্থদের বলেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’
এরপরই মেসির আরও একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এসো, সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’
মেসি ঠিক কী ‘ভুলে যেতে’ বলেছিলেন, তা অবশ্য ভিডিও থেকে স্পষ্ট নয়। তবে এই বক্তব্যের পরই প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে ড্রেসিংরুমে কি এমন কোনো ঘটনা ঘটেছিল, যা দলের খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করতে পারে?
আর্জেন্টাইন সমর্থকদের একাংশের ধারণা, ড্রেসিংরুমে কোনো বিষয় নিয়ে আলোচনা বা উত্তেজনা তৈরি হয়েছিল। এর প্রভাব মাঠেও পড়তে পারে বলে তাদের দাবি। কারণ, পুরো টুর্নামেন্টে একের পর এক কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনা ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের পোস্টে একটি শটও নিতে পারেনি।
ফাইনালের আগে অবশ্য আর্জেন্টিনা দলকে ঘিরে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। স্পেনের খেলোয়াড়েরা অভিযোগ করেছিলেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনা রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে।
স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে ফাইনালের আগে বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে।’
এদিকে আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফাইনালের আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং কনমেবল সভাপতি আলেজান্দ্রো দমিঙ্গেসকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে প্রবেশ করতে দেখা যায়। তারা মেসি-মার্তিনেসদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলেছিলেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়।
নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
ফাইনালে রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক তৈরি না হলেও ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন দুই দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ। শেষ বাঁশি বাজার পর দুই দলের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।
তবে মেসির সেই ‘সবকিছু ভুলে যাই’ মন্তব্যের পেছনে আসলে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। ফলে ভিডিওটি ঘিরে ফুটবলপ্রেমীদের কৌতূহল ও জল্পনা-কল্পনা আরও বাড়ছে।