শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

স্টাফ রিপোর্টার, শেয়ার বিজ ডেস্ক :

প্রকাশ: ১০:৪৯, ২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামসহ ২২ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগ, আতঙ্কে মানুষ

চট্টগ্রামসহ ২২ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগ, আতঙ্কে মানুষ

চট্টগ্রামসহ ২২ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগ, আতঙ্কে মানুষ

দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। রাজধানীসহ দেশের অন্তত ২২টি জেলায় গত দুই দিনে সংঘটিত এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। কোথাও যানবাহনে আগুন দেওয়া হয়েছে, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আবার সরকারি স্থাপনা, ব্যাংক কার্যালয় ও পুলিশ বক্সও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বিশেষ করে দেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামে একের পর এক অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু করে উপজেলা পর্যায়েও এসব ঘটনা ছড়িয়ে পড়েছে। এতে ব্যবসায়ী, পরিবহনশ্রমিক, সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, যশোর, ফরিদপুর, দিনাজপুর, পিরোজপুর, নেত্রকোনা, মেহেরপুর, হবিগঞ্জ, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ অন্তত ২২টি জেলায় নাশকতার খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় নড়াইলে দুজন, পিরোজপুরে একজন এবং ফরিদপুরে একজন নিহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে তিনজন বিএনপির নেতা। অন্যজন পিরোজপুরে একটি বাসের হেলপার। অভিযোগ রয়েছে, ঘুমন্ত অবস্থায় বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে তাঁর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে নাশকতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সরকারি স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক কার্যালয়, পুলিশ বক্স ও বিভিন্ন যানবাহনে হামলার ঘটনা ঘটছে। গত কয়েক দিনে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় একাধিক অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিএনপির নেতারা এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছেন। অন্যদিকে, পুলিশও কয়েকটি ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে।

সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির কাছাকাছি অস্ত্র হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। একই রাতে নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলদ্বীপ এলাকার একটি সড়কে মিছিলটি হয়। মিছিলকারীদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। তাঁদের হাতে রামদা, লগি ও বৈঠা দেখা যায়। ওই সড়ক থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের দূরত্ব প্রায় ১০০ মিটার।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়িটি সার্বক্ষণিক পুলিশি পাহারায় থাকার পরও কীভাবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত ১টার দিকে নগরের মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বক্সের জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জানালা বন্ধ থাকায় আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

একই রাতে বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৩টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনে এসে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী জানান, রাতেই তিনি টহল পুলিশের দায়িত্বে থাকা রমদাশমুন্সির পুলিশ বিটের এসআই বাবুকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যাতে নতুন করে নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ভবনে ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা শাখার কার্যক্রম পরিচালিত হয়।

ঘটনার সময় ভবনের ভেতরে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে তাঁরা জানালা দিয়ে প্রধান ফটকে আগুন জ্বলতে দেখতে পান। পরে দ্রুত নিচে নেমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান জানান, আগুনের বিষয়টি বুঝতে পেরে ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ব্যবস্থা নেন। তবে আগুন দেওয়ার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে বোতলজাতীয় কোনো বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জেও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনদুপুরে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় একদল যুবক।

শামসুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তাঁর পারিবারিক প্রতিষ্ঠান এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে এ হামলা চালানো হয়।

শামসুল আলমের অভিযোগ, কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে প্রতিষ্ঠানে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের দরজার আয়না ভাঙচুর করে।

ঘটনার সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকেরা হামলাকারীদের ধাওয়া করেন। পালিয়ে যাওয়ার সময় পুলিশও তাঁদের পিছু নেয়। পরে জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশ। শামসুল আলমের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।

চট্টগ্রামে নাশকতার ঘটনা অবশ্য নতুন নয়। গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ভোর পর্যন্ত নগরের তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর মধ্যে আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ এবং পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ ছাড়া ৯ নভেম্বর রাত ১২টার দিকে আনোয়ারা উপজেলার গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে যায়।

একই রাতে নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। আকস্মিক বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া বোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রোল বোমাটি আট থেকে ১০ সেকেন্ড জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

চট্টগ্রামে ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার পাশাপাশি এসব ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক আইডি থেকে কিছু ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে।

হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এসব ভিডিও প্রচারের মাধ্যমে জনমনে ভয় ও অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাজিমুর রহমান এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে বাস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রশাসন সতর্ক রয়েছে এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে তাঁরা আশাবাদী।

অন্যদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানিয়েছেন, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরীতে ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয় ও যানবাহনে হামলার ঘটনা অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন নিরাপত্তা। রাতের বেলায় বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে।

এ পরিস্থিতিতে নাশকতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দ্রুত অপরাধীদের শনাক্ত এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।