বিশ্বকাপ হারার পর অবসরের আভাস মার্তিনেজের
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করেও দলকে শিরোপা এনে দিতে না পারার হতাশায় ভবিষ্যৎ নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার বুয়েনস এইরেসে বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে জড়ো হওয়া হাজারো ভক্তের উষ্ণ সংবর্ধনা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন মার্তিনেস। সেখানে তিনি লেখেন, ‘আমি আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম, ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে এনে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম।’
জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও জানান এই অভিজ্ঞ গোলরক্ষক। তিনি লেখেন, ‘সত্যি বলতে, এই কষ্টের কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অনেক বিষয় নিয়ে পুনরায় ভাবার সময় এসেছে। কীভাবে সামনে এগিয়ে যাব কিংবা এবার সরে দাঁড়ানোর সময় এসেছে কি না, তা ভেবে দেখতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রৌপ্য পদকে চুমু খাওয়ার ছবি ও অশ্রুসজল মুহূর্তের ছবিও শেয়ার করেন মার্তিনেস। সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। দেশ ও আমার সতীর্থদের সাহায্য করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’
স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা হেরে গেলেও গোলপোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্স করেন মার্তিনেস। ম্যাচে তিনি ১১টি নিশ্চিত গোল বাঁচান, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফাইনালে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। এর আগে ১৯৯৪ সালে ইতালির জিয়ানলুকা পালিউকা এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনার উবালদো ফিলোল ৮টি করে সেভ করেছিলেন।
পুরো টুর্নামেন্টে ২০টি সেভ করে সর্বোচ্চ সেভকারীদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেন মার্তিনেস।
২০২১ সালের জুনে জাতীয় দলে অভিষেকের পর থেকেই লিওনেল মেসিদের দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ও প্রেরণার উৎস হয়ে উঠেছেন মার্তিনেস। তাই তার এমন বার্তায় আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের ডিসেম্বরের পর জাতীয় দলের দায়িত্বে থাকা কঠিন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
কোচ স্কালোনির পর দলের অন্যতম প্রধান স্তম্ভ মার্তিনেসের এমন বার্তা আর্জেন্টাইন ফুটবলের একটি সোনালি অধ্যায়ের সম্ভাব্য সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে।