বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৫:১১, ২১ জুলাই ২০২৬

নিউইয়র্ক থেকে বার্সেলোনা, স্পেনের জয়োৎসবে ফিলিস্তিনের উপস্থিতি

নিউইয়র্ক থেকে বার্সেলোনা, স্পেনের জয়োৎসবে ফিলিস্তিনের উপস্থিতি

স্পেনের জয় উদযাপন করেন ফিলিস্তিনিরা (ছবি-আল জাজিরা)

ফিফা বিশ্বকাপ ২০২৬ জয়ের পর বিশ্বজুড়ে উৎসবে মেতেছেন স্পেনের সমর্থকেরা। নানা স্লোগান, গান ও স্পেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছেন তারা। তবে এই আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেও ফিলিস্তিনকে ভুলে যাননি অনেক স্প্যানিশ ভক্ত। বিশ্বের বিভিন্ন প্রান্তে স্পেনের পতাকার পাশাপাশি তাদের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকাও। অনেকে উদযাপনের সময় স্লোগান দিয়েছেন—‘ফ্রি প্যালেস্টাইন’।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার থেকে শুরু করে বেলজিয়ামের ব্রাসেলস ও স্পেনের বার্সেলোনা—বিভিন্ন শহরে স্পেনের বিশ্বকাপ জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরব বিশ্বের অনেক মানুষও স্পেনের জয়ে সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও টেলিভিশনের পর্দায় স্পেনের জয় দেখেছেন অনেকে এবং বিজয়ের আনন্দে অংশ নিয়েছেন।

নিউইয়র্ক

স্পেনের বিশ্বকাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হন দলটির অসংখ্য সমর্থক। এ সময় তাদের হাতে স্পেনের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। উদযাপনের মধ্যেই অনেকে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এরই মধ্যে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই তাদের এমন উদ্যোগের প্রশংসা করেন।

বিশ্বের বিভিন্ন দেশের নিরপেক্ষ ব্যক্তি ও মানবাধিকারকর্মীদের কাছেও স্পেনের ফিলিস্তিনপন্থি অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে। ফিলিস্তিনের প্রতি স্পেনের সমর্থনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রতি অনেকের আগ্রহ বাড়িয়েছে।

ব্রাসেলস

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও স্পেনের জয়ের আনন্দে রাস্তায় নেমে আসেন সমর্থকেরা। আনাদোলু এজেন্সির একটি ভিডিওতে দেখা যায়, শহরের একটি মোড়ে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত। এ সময় একটি ভবনের বারান্দা থেকে এক তরুণকে বড় ফিলিস্তিনি পতাকা নাড়তে দেখা যায়।

শুধু একটি স্থানেই নয়, ব্রাসেলসের আরও কয়েকটি জায়গায় স্পেনের জয়ের উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়তে দেখা গেছে। কেউ স্পেনের জয়ের আনন্দে উল্লাস করতে করতে ফিলিস্তিনের পতাকা নাড়িয়েছেন, আবার কেউ স্পেন ও ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপনে অংশ নিয়েছেন। পুরুষদের পাশাপাশি নারীদের হাতেও দেখা গেছে ফিলিস্তিনের পতাকা।

বার্সেলোনা

স্পেনের মাটিতেও বিশ্বকাপ জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বার্সেলোনায় হাজারো মানুষের ভিড়ে একদল তরুণকে স্পেন ও ফিলিস্তিনের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। তাদের এই উদযাপনে ফুটবলের আনন্দের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তাও ফুটে ওঠে।

প্রসঙ্গত, এর আগেও স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল লা লিগায় বার্সেলোনার শিরোপা জয়ের পর উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আলোচনায় এসেছিলেন।