বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৩:২২, ২০ জুলাই ২০২৬

ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে নতুন বিতর্ক

ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে নতুন বিতর্ক

ছবি সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত স্পেনের ফুটবলাররা, ঠিক তখনই পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে ভিন্ন এক ঘটনা। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ফাইনালের শুরুতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানোর সঙ্গে সঙ্গে দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে এসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। একপর্যায়ে বিশ্বকাপের ট্রফিও হাতে নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন ট্রাম্প। দুজন মিলে ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। পরে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন ট্রাম্প।

কিন্তু ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় বিতর্ক। সাধারণত ট্রফি গ্রহণের পর খেলোয়াড়দের উদযাপনের জন্য অতিথিরা মঞ্চ ছেড়ে যান। কিন্তু ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। এ সময় ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে স্পেনের ফুটবলাররা নির্বিঘ্নে শিরোপা উদযাপন করতে পারেন। তিনি কিছুটা সরে গেলেও মঞ্চ ত্যাগ করেননি।

পরিস্থিতি সামাল দিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে থেকে শিরোপা উদযাপনের মুহূর্তে অংশ নেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে অপ্রচলিত আচরণ বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এটিকে কূটনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়ে যাওয়া বলেও অভিহিত করেছেন।

অবশ্য এ ধরনের ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়। এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন। সে সময় চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও ট্রাম্প কিছু সময় মঞ্চে ছিলেন। তবে এবার স্পেনের কোনো খেলোয়াড়কে এ ধরনের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।