বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১২:২৫, ২০ জুলাই ২০২৬

বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারে স্পেনের দাপট, এমবাপ্পের গোল্ডেন বুট

বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারে স্পেনের দাপট, এমবাপ্পের গোল্ডেন বুট

চার বছর অপেক্ষার পর্দা নামিয়ে শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে লা রোহা।

শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারগুলোও ঘোষণা করেছে ফিফা। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে সম্মানিত হয়েছেন সেরা ফুটবলাররা।

ফাইনালে হেরে যাওয়ায় অধিনায়ক লিওনেল মেসির হাতে আর ওঠেনি বহুল কাঙ্ক্ষিত গোল্ডেন বল। টুর্নামেন্টজুড়ে মিডফিল্ডে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

আট ম্যাচে মোট ৭২৬ মিনিট মাঠে থেকে ৬৯২টি সফল পাস দিয়েছেন রদ্রি, যা পুরো আসরে সর্বোচ্চ। তার পাসের সফলতার হার ছিল ৯৪ শতাংশ। এছাড়া তিনি ১৩টি সফল ট্যাকলও করেছেন।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যাচের একমাত্র গোলদাতা ফেরান তোরেস। অতিরিক্ত সময়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার গোলেই বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।

এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ১০টি গোল।

সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। সাতটি ক্লিনশিটের পাশাপাশি টানা প্রায় ৬৪৯ মিনিট গোল না খাওয়ার কীর্তিও গড়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক।

সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠেছে স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসির হাতে। তার উপস্থিতিতে পুরো টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে মাত্র একটি গোল করতে পেরেছে প্রতিপক্ষরা। এছাড়া তিনি ৩৩টি সফল ক্লিয়ারেন্স করেছেন।

এদিকে সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ দলের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস। যদিও তারা শেষ ষোলো থেকেই বিদায় নেয়, তবুও মাঠের আচরণ ও শৃঙ্খলার জন্য এই সম্মান অর্জন করে ডাচরা।

২০২৬ ফিফা বিশ্বকাপের পুরস্কারজয়ীরা

  • বিশ্বচ্যাম্পিয়ন: স্পেন
  • ফাইনালের সেরা খেলোয়াড়: ফেরান তোরেস
  • গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): রদ্রি (স্পেন)
  • গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপে (ফ্রান্স) – ১০ গোল
  • গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক): উনাই সিমন (স্পেন) – ৭টি ক্লিনশিট
  • সেরা উদীয়মান খেলোয়াড়: পাউ কুবারসি (স্পেন)
  • ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: নেদারল্যান্ডস