যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক হচ্ছেন শরিক দলের শীর্ষ নেতারা
ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ জোটের শরিক দলগুলোর নেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।