সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৭, ১৪ জুলাই ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানকে হেয় করার চেষ্টা মেনে নেওয়া হবে না: মঞ্জু

জুলাই গণ-অভ্যুত্থানকে হেয় করার চেষ্টা মেনে নেওয়া হবে না: মঞ্জু

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রধান রাজনৈতিক লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, পরাজিত শক্তির তৎপরতা থাকাই স্বাভাবিক। তবে তাদের অপচেষ্টা জুলাইপন্থি শক্তির ঐক্যকে আরও সুসংহত করবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানকে হেয় করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরা ও রামপুরা এলাকায় অংশ নেওয়া দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই আন্দোলনের কোথাও কোনো ঘাটতি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরা হবে। তবে আন্দোলনকে খাটো করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, যারা আজ জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, অতীতে তারাই আন্দোলনের বিরোধী অবস্থানে ছিলেন।

তিনি আরও বলেন, জনগণের গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শাসনের পতন হয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থান ছিল স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের প্রতীক। আন্দোলনে এবি পার্টির নেতা-কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং নানা ঝুঁকি ও ত্যাগ স্বীকার করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, দলটি জনগণকেই রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হিসেবে বিশ্বাস করে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে গণভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিয়ে এবি পার্টি এখন সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে জনগণের আস্থা ও সমর্থন অর্জনের লক্ষ্যে কাজ করবে।

সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান বলেন, এবি পার্টির রাজনীতিকে নতুন উচ্চতায় নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন বলেন, জুলাই আন্দোলনের সময় শত প্রতিকূলতার মধ্যেও দলের নেতা-কর্মীরা রাজপথে ছিলেন এবং ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায়ও তারা প্রস্তুত থাকবেন।

এ সময় যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, শ্রমিকবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।