পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই পরাজিত শক্তির সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
রিজভী বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করছে। তবে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা হতে পারে। এসব অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির চেয়ারম্যানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি সবসময় পাশে থেকেছে। অতীতের দুর্গাপূজার মতো এবারও রথযাত্রা উপলক্ষে দলীয় নেতাকর্মীরা স্থানীয়ভাবে সহযোগিতা করবেন, যাতে কোনো উসকানি বা অপশক্তি পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে।
রিজভী বলেন, দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আজ ঐক্যবদ্ধ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণ প্রমাণ করেছে যে, বিভেদ সৃষ্টির অপচেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং খাল পুনঃখননের মতো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির কথাও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, প্রায় ১৫০ উপজেলায় ৩০ লাখ শিক্ষার্থীর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় টিফিন সরবরাহ করা হচ্ছে।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।