সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৭:৪৬, ২২ জুলাই ২০২৬

হাম পরিস্থিতির অবনতি, একদিনে শনাক্ত ১ হাজারের বেশি

হাম পরিস্থিতির অবনতি, একদিনে শনাক্ত ১ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম উপসর্গ নিয়ে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে।

তবে প্রতিবেদনের শুরুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যুর কথা উল্লেখ করে মোট প্রাণহানি ৮০৫ জনে দাঁড়িয়েছে বলা হলেও পরবর্তী হিসাবে ৮০৩ জনের তথ্য দেওয়া হয়েছে। ফলে প্রতিবেদনের মোট মৃত্যুর সংখ্যায় অসঙ্গতি রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৯০৪ জন। সব মিলিয়ে একদিনে হাম ও এর উপসর্গে আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।