সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৬:৪৪, ২০ জুলাই ২০২৬

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৯

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৯

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ জন।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৬৯৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন।

তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৬১৮ জন।

হামের সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।