২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৭৭১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ পরিসংখ্যান বুধবার সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৭ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ৯২০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।