চিকিৎসা ব্যয় কমাতে ৪ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামে ভ্যাট মওকুফের প্রস্তুতি
ছবি সংগৃহীত।
হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত চারটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই একটি স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হতে পারে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র।
ভ্যাট অব্যাহতির আওতায় আনা হচ্ছে ভাসকুলার স্টেন্ট (হার্টের রিং), অক্সিজেনেটর, পেসমেকার এবং হার্ট ভালভ। বর্তমানে এসব পণ্যের ওপর ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ এবং সরবরাহ পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট কার্যকর রয়েছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে হার্টের রিংয়ের সরবরাহকারী পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, এর ফলে প্রতিটি স্টেন্টে রোগীর ব্যয় প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
এনবিআর সূত্র জানিয়েছে, নতুন এসআরও জারির মাধ্যমে আমদানি ও সরবরাহ—উভয় পর্যায়েই ভ্যাট অব্যাহতি দেওয়া হবে। ফলে আমদানিকারক ও সরবরাহকারীদের কর-ব্যয় কমবে, যার ইতিবাচক প্রভাব পড়বে রোগীদের চিকিৎসা ব্যয়ের ওপর।
সূত্র আরও জানায়, এ-সংক্রান্ত এসআরওর খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন শেষে অল্প সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর থেকেই চারটি চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট অব্যাহতি কার্যকর হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, বর্তমানে সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। সরকার চিকিৎসাসেবা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে চায়। বিশেষ করে স্টেন্টের দাম অনেক বেশি হওয়ায় রোগীদের বড় ধরনের আর্থিক চাপ নিতে হয়।
তিনি বলেন, স্টেন্ট, পেসমেকার ও হার্ট ভালভসহ এসব চিকিৎসা সরঞ্জাম সম্পূর্ণ আমদানিনির্ভর। করের বোঝা কমলে আমদানিকারক ও হাসপাতালের ব্যয় কমবে, যা শেষ পর্যন্ত বাজারমূল্য কমাতে সহায়ক হবে। জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম হওয়ায় রোগীদের স্বার্থ বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে শুধু হার্টের স্টেন্টের বার্ষিক বাজার প্রায় ৩০০ কোটি টাকার। প্রতি বছর প্রায় ৩৫ হাজার স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। এর মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই ৯ হাজারের বেশি স্টেন্ট প্রতিস্থাপন হয়।
এ ছাড়া দেশে বছরে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০টি হার্ট ভালভ এবং ১ হাজার ৮০০ থেকে ২ হাজারটি পেসমেকারের চাহিদা রয়েছে। ভ্যাট অব্যাহতি কার্যকর হলে বিশেষ করে স্টেন্টের ক্ষেত্রে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টদের আশা।
বর্তমানে বাংলাদেশে ব্র্যান্ড, মান ও আমদানিকারক প্রতিষ্ঠানভেদে হার্টের স্টেন্টের দাম ২০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে পেসমেকারের দাম ৮০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।