বাংলাদেশের ওষুধ বিশ্বমানের, স্বাস্থ্যসেবা পৌঁছাবে গ্রাম পর্যন্ত
ছবি সংগৃহীত।
দেশের ওষুধশিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত অধিকাংশ ওষুধের গুণগত মান অত্যন্ত উন্নত এবং বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে রপ্তানি হচ্ছে। বিদেশের রোগীরাও এসব ওষুধ ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চলতি বছর থেকেই গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে কাজ শুরু করেছে। এটি সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি। তিনি বলেন, “আমরা শুধু পরিকল্পনার কথা বলছি না, বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেছে। নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।”
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্পে বিনিয়োগ বাড়াতে এবারের বাজেটে উল্লেখযোগ্য সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ইতোমধ্যে দক্ষ উদ্যোক্তাদের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ, কার্যকর নীতিমালা এবং প্রয়োজনীয় সহযোগিতা পেলে তারা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হবেন।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের কাছে দেওয়া স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।