হামের থাবায় আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১০৬
ছবি সংগৃহীত।
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৮ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে ৭৪১ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৫৯ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ জন। ফলে একদিনে মোট আক্রান্ত ও উপসর্গধারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯১ জন।
এ সময়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতা আরও বাড়ানোর পাশাপাশি শিশুদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।