প্রত্যেক হাসপাতালে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি (লেবার) রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার একটি অংশ অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের কল্যাণের চেয়ে অর্থ উপার্জনই অনেকের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে চিকিৎসা ব্যবস্থায়। তিনি বলেন, একসময় দেশে অধিকাংশ সন্তান জন্ম হতো স্বাভাবিক প্রসবের মাধ্যমে। কিন্তু বর্তমানে প্রয়োজন ছাড়াই সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।
তিনি অভিযোগ করেন, কিছু চিকিৎসাকেন্দ্র ও দালালচক্র গর্ভবতী নারীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে অপ্রয়োজনীয় সিজারিয়ানের দিকে ঠেলে দেয়। ‘অপারেশন না করলে মা বা সন্তান বাঁচবে না’—এমন আশঙ্কা তৈরি করে পরিবারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা অত্যন্ত বেশি উল্লেখ করে তিনি চিকিৎসা পেশায় নৈতিকতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টি নিশ্চিত করা জাতীয় অগ্রাধিকারের বিষয়। অপুষ্টি, অল্প বয়সে বিয়ে এবং মায়েদের দুর্বল স্বাস্থ্য নবজাতকের ঝুঁকি বাড়াচ্ছে। তাই গর্ভকাল থেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করতে হবে।
তিনি জানান, চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন এবং তাঁদের বড় একটি অংশ মিডওয়াইফ হিসেবে কাজ করবেন, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও মাতৃস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়।
এ সময় তিনি আরও বলেন, দেশের সব বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ পাবেন এবং স্বাভাবিক প্রসবে উৎসাহিত হবেন।
মন্ত্রী বলেন, ভয়ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করে অপ্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে মানুষকে বাধ্য করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সুস্থ মা ও সুস্থ শিশুই একটি সমৃদ্ধ জাতি ও টেকসই অর্থনীতির ভিত্তি।
কর্মশালায় জানানো হয়, একজন ধাত্রী নিবন্ধন পেতে ৪০টি স্বাভাবিক প্রসব পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন। প্রতি বছর প্রায় ৫ হাজার ৮০০ জন দক্ষ ধাত্রী তৈরি হলেও কর্মসংস্থানের অভাবে তাঁদের অধিকাংশই পেশা থেকে ঝরে পড়েন। বেসরকারি হাসপাতালগুলোতে বছরে মাত্র প্রায় ৫০০ জন ধাত্রীর কর্মসংস্থান হয়, বাকিরা সাধারণ নার্স হিসেবে কাজ করতে বাধ্য হন। এর ফলে প্রসবকালীন ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।