কুড়িয়ে পাওয়া শিশুই আজ মিঠুনকন্যা, এবার বিয়ের পিঁড়িতে দিশানী
দীর্ঘদিন প্রেমের পর প্রিয় মানুষ মাইলস মান্টজারিসের সঙ্গে বাগদান সেরেছেন ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানী চক্রবর্তী। গত ১২ জুন যুক্তরাষ্ট্রে বাগদান সম্পন্ন করেন এই যুগল।
বাগদানের বেশ কিছু ছবি এরই মধ্যে প্রকাশ করেছেন দিশানী। এবার ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করে ফের আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে সাদা গাউনে নজর কেড়েছেন দিশানী। অন্যদিকে, মাইলসের পরনে ছিল কালো স্যুট ও সাদা শার্ট। একটি ছবিতে পরস্পরকে জড়িয়ে ধরে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। আরেকটি সাদা-কালো ছবিতে চুম্বনরত অবস্থায় দেখা গেছে এই যুগলকে।
দিশানীর এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তার ক্যাপশন। ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবনে পা রাখার প্রতীক্ষার কথা জানিয়ে দিশানী লিখেছেন, ‘আমি মহাবিশ্বের কাছে তোমার মতো একজন মানুষকে চেয়েছিলাম। তবে আমি যা পেয়েছি, তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। তোমাকে বিয়ে করার জন্য তর সইছে না।’
মিঠুনকন্যার এই আনন্দঘন মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
এর আগে দিশানী জানিয়েছিলেন, আগামী ৬ ডিসেম্বর তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। তার হবু স্বামী মাইলস মান্টজারিস পেশায় স্টেডিক্যাম অপারেটর ও কালারিস্ট। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও তিনি প্রচারের আলো থেকে কিছুটা দূরে থাকতেই পছন্দ করেন।
অভিনেতা মিঠুন চক্রবর্তী যোগিতা বালির সঙ্গে সংসার পেতেছেন। এই দম্পতির তিন ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। দিশানী তাদের দত্তক কন্যা। কলকাতার একটি ডাস্টবিনের পাশে এক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখে এক পথচারী পুলিশকে খবর দেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে দেয়। সেখান থেকেই মিঠুন ও যোগিতা শিশুটিকে দত্তক নেন।
দত্তক নিলেও দিশানীকে নিজের কন্যার মতোই বড় করেছেন মিঠুন-যোগিতা। তামিলনাড়ুর মোনার্ক ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন দিশানী। পরবর্তীতে অভিনয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয়ের ওপর পড়াশোনা করেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন দিশানী।