মরিয়ম কি পারবেন সম্পর্ক ধরে রাখতে? আসছে রাজের নতুন সিরিজ ‘ফিরে আশার গল্প’
‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাটকটি নির্মাণ করে নতুন করে আলোচনায় আসেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবার নতুন একটি সিরিজ নিয়ে ফিরছেন তিনি। সিরিজটির নাম ‘ফিরে আশার গল্প’।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’ স্লোগানকে সামনে রেখে নির্মিত হতে যাওয়া সিরিজটির ঘোষণা দেন নির্মাতা। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার।
পোস্টারে ‘মরিয়ম’ চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিরিজটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
তবে সিরিজটির গল্প বা অন্যান্য চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে সিরিজটির অন্যান্য চরিত্র ও অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
রাজের নির্মাণে নতুন এই সিরিজে ‘মরিয়ম’ চরিত্রটি কি পারবে সম্পর্ক ধরে রাখতে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। কারণ সিরিজটির গল্পে পারিবারিক ও সামাজিক সম্পর্কের শক্তিকে গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
গ্লো অ্যান্ড লাভলী বাংলাদেশের উপস্থাপনায় নির্মিত হচ্ছে ‘ফিরে আশার গল্প’। সিরিজটির গল্প, অন্যান্য অভিনয়শিল্পী এবং মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই নতুন এই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।