বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৮:১৩, ২১ জুলাই ২০২৬

মালদ্বীপ ভ্রমণের ভিডিও শেয়ার করে কেয়া পায়েল, বললেন ‘মন যেটা চায়, সেটাই করো’

মালদ্বীপ ভ্রমণের ভিডিও শেয়ার করে কেয়া পায়েল, বললেন ‘মন যেটা চায়, সেটাই করো’

ছবি সংগৃহীত।

অভিনয়ে ব্যস্ততা লেগেই থাকে কেয়া পায়েলের। বছরজুড়েই নতুন নতুন নাটক নিয়ে ব্যস্ত সময় কাটে এই অভিনেত্রীর। তবে কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করতে ভুল করেন না তিনি। সুযোগ পেলেই ছুটে যান দেশের বাইরে। সম্প্রতি পর্যটনের দেশ মালদ্বীপে ঘুরে এসেছেন কেয়া পায়েল।

মালদ্বীপের নীলাভ স্বচ্ছ জল আর মনোরম পরিবেশে বেশ রোমাঞ্চকর সময় কাটিয়েছেন অভিনেত্রী। সেই ভ্রমণের কিছু স্মরণীয় মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, কখনো নির্মল বাতাস উপভোগ করছেন কেয়া পায়েল, কখনো সৈকতে ছুটে বেড়াচ্ছেন। আবার কখনো প্যারাসেইলিং করে আকাশে উড়ছেন তিনি। সমুদ্রের গভীরে গিয়ে স্কুবা ডাইভিংয়ের রোমাঞ্চও উপভোগ করেছেন অভিনেত্রী।

রোমাঞ্চকর এই ভ্রমণের মধ্য দিয়ে জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত জমিয়ে রেখেছেন কেয়া পায়েল। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’

অভিনেত্রীর এমন মন্তব্যের সঙ্গে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। তবে কেউ কেউ ভিন্নমতও জানিয়েছেন। তাদের মতে, নিজের ইচ্ছা পূরণের পাশাপাশি এ ধরনের ভ্রমণের জন্য আর্থিক সামর্থ্যও প্রয়োজন।

এর আগে মালদ্বীপ ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কেয়া পায়েল। তবে সম্প্রতি অন্য একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের পাশে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি ওই যুবককে খাবার খাইয়ে দিতেও দেখা যায় তাকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই গুঞ্জন ওঠে, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।