বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৪:৪৩, ২০ জুলাই ২০২৬

আর্জেন্টিনার হারে মজার বার্তা পরীমণির,‘বিয়েটা আর করা হলো না’

আর্জেন্টিনার হারে মজার বার্তা পরীমণির,‘বিয়েটা আর করা হলো না’

পরীমণি।

২০২৬ বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টুর্নামেন্ট চলাকালেই তিনি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই ঘোষণা ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় লিওনেল মেসিদের। আর এরপরই নিজের আগের ঘোষণাকে ঘিরে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমণি।

ফাইনাল শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

এর আগে সেমিফাইনালের আগে দেওয়া এক পোস্টে পরীমণি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও বিষয়টি নিয়ে একাধিক রসিকতাপূর্ণ পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। তবে শিরোপা জিততে না পারায় তার ‘আবার বিয়ে’ করার ঘোষণাও আপাতত বাস্তবায়ন হচ্ছে না—এমন ইঙ্গিতই মিলেছে তার সর্বশেষ স্ট্যাটাসে।

পরীমণির এই পোস্টেও ভক্তদের মন্তব্যের বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘বিয়েটা তাহলে স্থগিত রইল।’ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘পরের বিশ্বকাপের জন্য অপেক্ষা।’

অভিনেত্রীর রসিকতাপূর্ণ এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।