বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৪:১১, ২০ জুলাই ২০২৬

বিজয়ের শেষ সিনেমা ঘিরে উন্মাদনা, মিনিটেই শেষ হাজারো টিকিট

বিজয়ের শেষ সিনেমা ঘিরে উন্মাদনা, মিনিটেই শেষ হাজারো টিকিট

ছবি সংগৃহীত।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি করেছে। ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তেই অনেক প্রদর্শনীর টিকিট শেষ হয়ে গেছে। এমনকি কিছু প্রেক্ষাগৃহে একটি টিকিটের দাম ২ হাজার ৫০০ রুপি হলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি।

এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রায় সাত মাস বিলম্বের পর মুক্তি পাচ্ছে ছবিটি। বিজয় রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে এটিই তার শেষ সিনেমা হিসেবে প্রচারিত হওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, কেরালাসহ বিভিন্ন শহরে অগ্রিম বুকিং শুরু হয়েছে। অধিকাংশ শহরে তামিল সংস্করণের টিকিটের দাম ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের মূল্য ১ হাজার রুপিরও বেশি রাখা হয়েছে।

বিশেষ করে বেঙ্গালুরুর সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ রুপি, যা ছবিটির জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ টিকিট মূল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

উচ্চমূল্যের টিকিটও দর্শকদের আগ্রহ কমাতে পারেনি। ৮০০ থেকে ১ হাজার রুপির প্রিমিয়ার শোগুলোর অধিকাংশ টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। এমনকি ভোর ৬টা ৩০ মিনিটের প্রদর্শনীগুলোরও অনেকগুলো হাউসফুল হয়ে গেছে।

অন্যদিকে, তামিলনাড়ুতে সরকারের নির্ধারিত মূল্যসীমা অনুসরণ করা হয়েছে। চেন্নাইয়ে সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। এরপরও দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। জনপ্রিয় প্রেক্ষাগৃহ কামালা সিনেমাস জানিয়েছে, বুকিং শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।

ভারতের বাইরে যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বুকিং চালুর এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।

কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জনা নায়াগান’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাইজুসহ আরও অনেকে। ছবিটি প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেন্সর-সংক্রান্ত জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। পরে কিছু দৃশ্য সম্পাদনা এবং সংলাপে পরিবর্তন আনার পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ সনদ পেয়ে আগামী ২৩ জুলাই মুক্তির জন্য প্রস্তুত হয়েছে সিনেমাটি।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে যে সাড়া মিলেছে, তাতে ‘জনা নায়াগান’ চলতি বছরের অন্যতম বড় উদ্বোধনী আয় করা সিনেমাগুলোর একটি হতে পারে। দর্শকদের প্রত্যাশা, বিজয়ের বিদায়ী এই চলচ্চিত্রটি তার দীর্ঘ অভিনয়জীবনের আরেকটি স্মরণীয় সংযোজন হয়ে থাকবে।