কলকাতা সফরে কাজল, বিমানবন্দরের ভিডিও ঘিরে নতুন জল্পনা
ছবি সংগৃহীত।
বলিউড অভিনেত্রী কাজলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ধারণ করা তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই তার কলকাতা সফরের উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল রঙের পোশাকে হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন কাজল। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের মধ্যেও তিনি ছিলেন স্বাভাবিক ও প্রাণবন্ত। তবে কলকাতায় আসার কারণ সম্পর্কে কোনো মন্তব্য না করে রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে পড়েন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকালে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দেন কাজল। নিরাপত্তাকর্মীদের সঙ্গে মন্দিরে প্রবেশ করে পূজা শেষে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান তিনি।
এদিকে ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা সেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি জানান, দুজনে একসঙ্গে দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। এরপর থেকেই অনেকের ধারণা, টলিউড ও বলিউডের যৌথ কোনো চলচ্চিত্র বা নতুন প্রকল্পের কাজেই হয়তো কলকাতায় এসেছেন কাজল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগেও চলচ্চিত্র ‘মা’-এর প্রচারণার অংশ হিসেবে কলকাতা সফর করেছিলেন কাজল। সে সময়ও তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দিয়েছিলেন।
কলকাতার সঙ্গে কাজলের সম্পর্ক দীর্ঘদিনের। অভিনেত্রী তনুজা মুখার্জির কন্যা হওয়ায় বাঙালি সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। দুর্গাপূজায় শাড়ি পরে বাঙালি সাজে অংশ নেওয়া, ভক্তদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত থাকার কারণে কলকাতায় তার সফর বরাবরই বিশেষ আগ্রহের জন্ম দেয়।
তবে এবারের সফরের প্রকৃত উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।