বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় সংগীতের উৎসব
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে রাজধানী ঢাকায় ফুটবলপ্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্ট। আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচ উপলক্ষে আজ রোববার (১৯ জুলাই) রাতে নগরীর দুটি ভিন্ন ভেন্যুতে সংগীত আর বিনোদনের বিশেষ আয়োজন থাকছে।
এর আগে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এবার সবার নজর আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে।
ফাইনাল ম্যাচকে ঘিরে বনানীর পূজা মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। তার সঙ্গে মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। বড় পর্দায় সরাসরি খেলা উপভোগের পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারবেন সংগীত পরিবেশনা।
সম্প্রতি কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত বিশ্বকাপ ফ্যানফেস্টেও অংশ নেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের জন্য পরিবেশন করবেন বিশেষ আয়োজন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন সঞ্জয় দেব। তিনি অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে নির্ধারিত কনসার্টে অংশ নিতে রওনা হবেন তিনি।
অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামের আরেকটি বিশেষ অনুষ্ঠান। সেখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ সম্প্রচারের পাশাপাশি অনুষ্ঠিত হবে কনসার্ট।
এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া দর্শকদের মাতাতে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৯ জুলাই) রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। বিশ্বকাপ ফাইনালের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতেই ফুটবল আর সংগীতকে একসঙ্গে মিলিয়ে এই আয়োজন করা হয়েছে।