রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৪:১৩, ৭ জুলাই ২০২৬

আগস্টেই জাতীয় গ্রিডে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

আগস্টেই জাতীয় গ্রিডে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ছবি সংগৃহীত।

আগামী আগস্টের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুযায়ী আগামী আগস্টের শেষ সপ্তাহে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। তিনি জানান, গত মে মাসে প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং সম্পন্ন হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি বছরের আগস্টে প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট এবং ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

তিনি আরও জানান, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে একটি চুল্লিতে ফুয়েল রড স্থাপন সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে কেন্দ্রটির পূর্ণ উৎপাদন সক্ষমতা অর্জনের মাধ্যমে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখবে এই প্রকল্প।