রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১০:৩৭, ২৩ জুন ২০২৬

নেপালের সঙ্গে যৌথ বিদ্যুৎ প্রকল্পে সরকারের নতুন উদ্যোগ

নেপালের সঙ্গে যৌথ বিদ্যুৎ প্রকল্পে সরকারের নতুন উদ্যোগ

বাংলাদেশ সরকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানির লক্ষ্যে এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়নের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে কোনো আইনি কাঠামো বা চুক্তির প্রয়োজন হলে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।