দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: সিএসই
ছবি সংগৃহীত
দেশের পুঁজিবাজার ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো, বিধিবিধান ও প্রযুক্তিগত প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রামের খাতুনগঞ্জের এমএস ট্রেড সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) আয়োজনে এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে খাতুনগঞ্জের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, এসোসিয়েশনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সিএসইর তত্ত্বাবধানে দেশের অর্থনীতিতে কমোডিটি মার্কেট চালুর আমরা একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। স্কট মার্কেটে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি এই মার্কেট চালুর মাধ্যমে অনেকাংশে কমানো সম্ভব হবে।
দেশের অর্থনীতির স্বার্থেই কার্যকর কমোডিটি মার্কেটের প্রয়োজনীয়তা অপরিসীম উল্লেখ করে তিনি এই উদ্যোগে সিএসইর সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বাড়াতে আরও বেশি প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের ওপর জোর দেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি জানান, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মতো পার্শ্ববর্তী দেশগুলোতে আগেই কমোডিটি এক্সচেঞ্জ চালু থাকলেও বাংলাদেশে এটি সম্কূর্ণ নতুন এক সংযোজন। একটি স্ট্যান্ডার্ড কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে পণ্যের মূল্য-অস্থিরতা নিয়ন্ত্রণ সহজ হবে, যা সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মার্কেট ইকোসিস্টেমের সঙ্গে জড়িত অংশীদারদের প্রস্তুত করার কাজ চলছে এবং সিএসই এই প্ল্যাটফর্ম চালুর জন্য পুরোপুরি প্রস্তুত।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম অ্যান্ড হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট একেএম শাহরোজ আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।