দিনাজপুরে শ্রমিকনেতা বাদশাহকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১০
ছবি সংগৃহীত
দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানার প্রধান গেটে বাসের ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
এ ছাড়া দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার ওপরে বাস আড়াআড়ি করে রেখে তাদের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে করে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সব রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গত ২৬ আগস্ট রাত ৯টার সময় বাসা থেকে শ্রমিকনেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরপরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করে রেখেছেন। বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা।
এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা। তবে বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানায়, তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।
এদিকে ২৭ আগস্ট সকাল ১০টায় কোতোয়ালি থানার গেটের সামনে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছেন। শ্রমিকরা এ সময় চিৎকার করে বলতে থাকেন, ক্ষমতাসীন দলের কতিপয় ব্যক্তিরা এই হামলা চালিয়েছেন।
এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনো কোনো সুরাহা হয়নি। এদিকে দিনাজপুর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিকনেতা শেখ বাদশার মুক্তি দাবি করেছেন। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। অপরদিকে কোতোয়ালি থানার গেট বাস-ট্রাকের ব্যারিকেড দিয়ে রাখায় থানা থেকে পুলিশ বের হতে ও ঢুকতেও পারছে না।