শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রতিনিধি হাতীবান্ধা

প্রকাশ: ১৮:৫৪, ২৭ আগস্ট ২০২৬

হাতীবান্ধা উপজেলায় নির্মাণাধীন পরিদর্শন কক্ষের ঠিকাদার যখন প্রকৌশলী

হাতীবান্ধা উপজেলায় নির্মাণাধীন পরিদর্শন কক্ষের ঠিকাদার যখন প্রকৌশলী

ছবি সংগৃহীত

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্যের জন্য হাতীবান্ধা উপজেলা পরিষদে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন পরিদর্শন কক্ষের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উন্নতমানের বৈদ্যুতিক ক্যাবল ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের তার ব্যবহার এবং বৈদ্যুতিক সংযোগে ত্রুটির অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, এমপির পরিদর্শন কক্ষে তিনটি এসি স্থাপন করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনটি এসি চালানোর জন্য পর্যাপ্ত সক্ষমতার পৃথক বৈদ্যুতিক সংযোগের পরিবর্তে ৪ আরএম তার ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহারের কারণে গত মঙ্গলবার কক্ষটিতে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

একাধিক সূত্র জানায়, কাজের কাগজপত্রে ঠিকাদার হিসেবে বিএনপি নেতা রফিকুল ইসলামের নাম থাকলেও বাস্তবে হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনের তত্ত্বাবধানেই কাজটি পরিচালিত হচ্ছে। নির্মাণকাজে ব্যবহূত বৈদ্যুতিক তারের মান নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, সেখানে ‘মিজান ক্যাবল’ কোম্পানির নিম্নমানের তার ব্যবহার করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, আগুন লাগার ঘটনা ধামাচাপা দিতে পরবর্তীতে তড়িঘড়ি করে একজন ইলেকট্রিক টেকনিশিয়ান এনে বৈদ্যুতিক কাজ করানো হয়। এতে প্রকল্পের কাজের মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র বলেন, ‘রফিকুল সাহেব ঠিকাদার—এটা আমি জানি। কিছু কিছু বিষয় ঠিকাদারকেও আমাদের সাপোর্ট করা লাগে। অগ্নিকাণ্ডের বিষয়টি সত্য। বাকি বিষয়গুলো ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনে বলতে পারব।’

অন্যদিকে উপজেলা প্রকৌশলী আখতার হোসেন মুঠোফোনে বলেন, ‘রংপুর থেকে টেকনিশিয়ান আসতেছে। আপনারা আসতে পারেন। কোথাও কোনো কাজের ঘাটতি হলে সেটা নতুন করে করা হবে।