ঠাকুরগাঁওয়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মানববন্ধন ও স্মারকলিপি
ছবি সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পটুয়া ফকদনপুর গ্রামে সৌদি আরবের অর্থায়নে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে প্রায় ১৩০ জনের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মো. রেজাউল ইসলাম রন্টুর বিরুদ্ধে।
অভিযোগের প্রতিকার ও টাকা ফেরতের দাবিতে গতকাল রোববার দুপুরে ভুক্তভোগীরা ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় তিন বছর আগে রেজাউল ইসলাম রন্টু গ্রামের লোকজনকে জানান, সৌদি আরব থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়া হবে। ছাদযুক্ত পাকা ঘরের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিনশেড পাকা ঘরের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা দিতে হবে। বাকি অর্থ ফাউন্ডেশন বহন করবে বলে তাদের জানানো হয়। তার কথায় বিশ্বাস করে প্রায় ১৩০ জন টাকা প্রদান করেন।
অভিযোগকারীদের দাবি, টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ঘর নির্মাণ শুরু হয়নি। পরবর্তীতে ঘরের কাজ শুরু অথবা টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে টাকা ফেরত চাওয়ায় তাদের মামলা-মোকদ্দমার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত মো. রেজাউল ইসলাম রন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগের বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।