শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৫ আগস্ট পালনের চেষ্টা
ছবি সংগৃহীত
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গদল বিচ্ছিন্নভাবে ১৫ আগস্ট উপলক্ষে নানা কর্মসূচি পালনের চেষ্টা করেছে। এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পলাতক নেতাকর্মীদের ফেসবুকে শেরপুরের বিভিন্ন স্থানে মধ্যরাতে মশাল মিছিল, শোক মিছিল, শহীদ মিনারে পুষ্পস্তবক ও খাবার বিতরণের ভিডিও প্রকাশ করেছে। তবে এ ঘটনাগুলোর বিষয়ে পুলিশ বলছে তারা ভিন্ন ভিন্ন দিনে প্রত্যন্ত গ্রামে মিছিলের ভিডিও করে পলাতক নেতাকর্মীদের ফেসবুক আইডিতে পোস্ট করছে দুই-তিন দিন পরে।
এদিকে ১৪ আগস্ট গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল এবং বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও খাবার বিতরণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে—শেরপুর পৌর ছাত্রলীগের সহসভাপতি গৃর্দানারায়ণপুর বেপারীপাড়া মহল্লার খোকন ইসলাম (২০), সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউল ওরফ জুয়েল (৪৬), নালিতাবাড়ী উপজেলার ননী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা (২৫) ও রুপনারায়ণকুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন (৩৫), ঝিনাইগাতী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. আজাহার আলী (৩৬) এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. মুসলিম উদ্দিন উরফে আরাফাত (১৯)।
এ বিষয়ে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিতরা সবসময় গোপনে কাজ করে। তারা প্রত্যন্ত গ্রামে রাতের আঁধারে মিছিল করে দুই-তিন দিন পর তা পোস্ট করছে। তবে আমাদের তৎপরতায় এখন কোনো প্রধান সড়কে মিছিল করতে পারছে না। প্রতিরাতেই আমাদের অভিযান চলছে। তারা মূলত টাকার বিনিময়ে কিছু শ্রমিক শ্রেণি এবং ইনোসেন্ট স্কুলপড়ুয়া ছেলেদের দিয়ে মিছিল করায়। যে কারণে তাদের ধরে আইনের আওতায় আনা কঠিন। ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। গত রাতে মিছিলের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।