মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রতিনিধি,খাগড়াছড়ি  

প্রকাশ: ১৯:২৬, ২৯ জুলাই ২০২৬

জীবনঘাতী দানব টমটম!

মৃত্যু ঝুঁকিতে খাগড়াছড়িবাসী

মৃত্যু ঝুঁকিতে খাগড়াছড়িবাসী

ছবি সংগৃহীত

পর্যটন ও পর্যটকের প্রধান আকর্ষণ খাগড়াছড়ি শহরটি বর্তমানে রূপ নিয়েছে টমটম বা অটোরিকশার নগরী হিসেবে। এখানকার প্রধান ও জনপ্রিয় স্থানীয় বাহন ব্যাটারিচালিত ইজিবাইক বা টমটমের আধিক্যের কারণে সামপ্রতিক সময়ে বেশ পরিচিতিও বেড়েছে। এই পাহাড়ি শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়ক সবখানেই এখন টমটমের নিয়মিত চলাচল দেখা যায়।

অবৈধ ও ফিটনেসবিহীন টমটম খাগড়াছড়ি শহরবাসীর দুর্ভোগের পাশাপাশি মরণ ফাঁদে পরিণত হয়েছে। লাইসেন্স বিহীন, গাড়ি চালানোর অভিজ্ঞতার অভাব, অল্প শিক্ষিত ও শিশু চালকদের কারনে টমটম খাগড়াছড়ি শহরবাসীর জন্য দিনদিন ভয়ংকর জীবনঘাতী দানব হয়ে উঠছে। প্রতিদিন কোন না কোনভাবে টমটম নামক এই ব্যাটারী চালিত গাড়ির ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে জীবনহানিসহ পঙ্গুত্বের শিকার হচ্ছে নিরিহ অসংখ্য পথচারী।

পৌরসভা দেড় হাজার টমটমকে টোকেন দিলেও বাস্তবে চলছে ৫ হাজারের বেশী টমটম। এতে করে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শহরে তীব্র যানজট হচ্ছে। দেখার যেন কেউ নেই। ভুক্তভোগিরা জননিরাপত্তার স্বার্থে অবৈধ টমটমের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দাবী জানিয়েছেন।

খাগড়াছড়ি শহরবাসীর জন্য অভিশাপ হয়ে দাড়িয়ে অবৈধ টমটম। টমটমের কারণে শহরে লেগেই আছে যানজট। আর দুর্ঘটনা এখন নিত্য সময়ের ঘটনা। শহরে প্রাণঘাতি দানব হয়ে নিরহ পথচারীদের চরম আতংকের কারন হিসেবে আবির্ভুত হয়ে উঠছে টমটম। অবৈধ টমটমের নেই ফিটনেন্স। চালকের নেই লাইসেন্স, গাড়ি চালানোর অভিজ্ঞতা, অল্প শিক্ষিত ও শিশু।

খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি শহরে চলাচলরত টমটমের কোন চালকেরই প্রশিক্ষণ নেই। ফলে তারা মানছে না গাড়ি চালানোর নিয়াম কানুন। ফলে ঘটছে দুর্ঘটনা।এখনই টমটম নামক ঘাতকযানের লাগাম টেনে না ধরলে দুর্ঘটনার শিকার হয়ে অকালেই ঝরে পড়বে অসংখ্য তাজা প্রাণ। সমপ্রতি সময়ে জেলা শহরে অটোরিকশায় উড়না পেচিয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বাজার ব্যবসায়ী আমিনুল জানান, প্রতিদিনই টমটমের অনিরাপদ চলাচলে দুর্ঘটনা সহ যানজটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তবে বিশেষ করে সাপ্তাহিক হাট সোম ও বৃহস্পতিবার এর চাপ অধিক হারে বৃদ্ধি পায়। ফলে পথচারী, দোকানী কিংবা ক্রেতারা নানান সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলছে।

টমটম চালক সাইফুল ইসলাম ও রতন চাকমা জানান, পৌরসভাকে ট্যাক্স দিয়ে আমরা ১৭শত চালক লাইন্সেস নিয়েছি। কিন্তু এখন দেখছে পৌর শহরে ৫ হাজারের বেশি টমটম চলছে।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আরিফ বলেন, অদক্ষ ও অপ্রাপ্ত টমটম চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণে পৌর শহরে যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। টমটম সামাল দিকে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও।

খাগড়াছড়ি পৌরসভা সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভা থেকে ১৭শ টমটমকে টোকেন দেওয়া হলেও শহরে চলছে ৫ হাজারের বেশি টমটম। জননিরাপত্তার স্বার্থে অবৈধ টমটম চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী নাগরিক সমাজের।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি এডভোকেট জসীম উদ্দিন মজুমদার বলেন, টমটমের কারণে পথচারীদের খাগড়াছড়ি শহরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। তিনি নিজেও কয়েকবার টমটমের ধাক্কায় ছোটখাটো চোট পেয়েছেন। খাগড়াছড়ি শহরে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ জন মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

খাগড়াছড়ি পৌর প্রশাসক রোমানা আক্তার টমটমের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, শহরকে যানজট মুক্ত করতে টমটম চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের যৌথ উদ্যোগ প্রয়োজন।

খাগড়াছড়ি শহরকে নিরাপদ, যানটজ মুক্ত ও সৌন্দর্য রক্ষায় অবৈধ টমটমের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে এ প্রত্যাশা শহরবাসীর। একই সাথে পর্যটন ও পর্যটকদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের।