নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
প্রতিনিধি, সাতক্ষীরা: নির্বাচনে কোনো অনিয়ম হলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আহসান হাবিব আরও বলেন, কে কোন দলের প্রার্থী এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণ যাকে চাবেন, ভোট দেবেন, তিনিই নির্বাচিত হবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন।
তিনি বলেন, আমরা চাই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক, যত বেশি অংশগ্রহণ করবে তত বেশি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। তিনি এ সময় ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা সবাই দেখেন এবং উপভোগ করেন বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।
এ সময় সেখানে উপস্থিত ছিলেনÑসাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, সাতক্ষীরার পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, যশোর নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।