রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রকাশ: ১২:৩০, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩০, ১০ ডিসেম্বর ২০২৫

আস্থার সংকটে ধুঁকছে পুঁজিবাজার: সংস্কারের অপেক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্ষেত্র

আস্থার সংকটে ধুঁকছে পুঁজিবাজার: সংস্কারের  অপেক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্ষেত্র

নুরুন্নাহার চৌধুরী কলি : দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না। এই মার্কেট এই বাড়ে তো এই দরপতন। এভাবেই ওঠানামার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের দীর্ঘমেয়াদি বিনিয়োগের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সামষ্টিক অর্থনীতির তীব্র চাপ, কাঠামোগত দুর্বলতা এবং সুশাসনের অভাব সম্মিলিতভাবে বাজারকে অপরিণত ও অস্থিতিশীল করে তুলেছে। পুঁজিবাজারের স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো ভালো কোম্পানির তালিকাভুক্তি এবং সুশাসন ও জবাবদিহি। দুঃখজনকভাবে বাংলাদেশের বাজারে এই দুই ক্ষেত্রেই প্রকট ঘাটতি রয়েছে। ভালো শেয়ারের অপ্রাচুর্য: আমাদের পুঁজিবাজারে ভালো মৌলভিত্তির ও আকর্ষণীয় কোম্পানির শেয়ারের অভাব দীর্ঘদিনের সমস্যা। গত দেড় দশকে অসংখ্য দুর্বল ও প্রায় অস্তিত্বহীন কোম্পানিকে তালিকাভুক্ত করে বাজারের বোঝা বাড়ানো হয়েছে। এর বিপরীতে মানসম্পন্ন কোম্পানির অভাব বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছে। কারসাজি ও অস্থিতিশীলতা: বাজার প্রায়ই কারসাজির মাধ্যমে অস্থিতিশীল হয়ে ওঠে। শেয়ারদর কারসাজির মাধ্যমে সূচকের অস্বাভাবিক ওঠানামা পরিলক্ষিত হয়, যা দীর্ঘ মেয়াদে সূচককে নিম্নগামী করে দেয়। অতীতে শেয়ার কারসাজিতে অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর বিচার ও শাস্তির পদক্ষেপ না নেওয়ায় অনিয়ম আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। কৃত্রিম ব্যবস্থা ও নীতির ধারাবাহিকতার অভাব: ফ্লোর প্রাইস আরোপ, ঘনঘন সার্কিট ব্রেকারের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা বেঁধে দেওয়ার মতো কৃত্রিম ব্যবস্থাগুলো মূলত বাজারের শোচনীয় অবস্থাকে ঢেকে রাখার চেষ্টা মাত্র। নীতির ধারাবাহিকতার এই অভাব দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি উদ্বেগ তৈরি করেছে। পুঁজিবাজারের এই দুরবস্থাকে আরও বাড়িয়ে তুলেছে সামষ্টিক অর্থনীতিতে বিরাজমান তীব্র সংকট। উচ্চ মূল্যস্ফীতি ও সুদহার: উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতে দুর্দশা এবং ক্রমবর্ধমান সুদহার সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে মন্দা তৈরি করেছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা ও মুনাফায়, যার ফলে অনেকে লোকসানের সম্মুখীন হয়েছে। অর্থনীতির এমন দোদুল্যমান অবস্থায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারের উচ্চ ঝুঁকি এড়িয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে উচ্চ সুদের বন্ডের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা পুঁজিবাজারে তীব্র তারল্য সংকট তৈরি করেছে। পুঁজিবাজারের বৈশ্বিক হয়ে ওঠার জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ২০২৪ সালে দেশের মোট লেনদেনে বিদেশিদের অংশগ্রহণ মাত্র ১ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা এর কারণ হিসেবে ফ্লোর প্রাইস, সুশাসনের ঘাটতি, বিনিময় হারের অস্থিরতা এবং অদক্ষ ব্যবস্থাপনাকে দায়ী করছেন। ফলে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে প্রায় সব সূচকেই আমাদের পুঁজিবাজারের অবস্থান সবার নিচে। জুলাই অভ্যুত্থানের মুখে বিগত সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের মনে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যাশা জন্মায়। এই প্রত্যাশার প্রতিফলনও সূচক ও লেনদেনে সাময়িকভাবে দেখা গিয়েছিল, কিন্তু তা দীর্ঘায়িত হয়নি। ছয় মাস অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে পুঁজিবাজারে কার্যকর ও কাঠামোগত সংস্কারের শক্তিশালী উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। বিশেষ করে ভালো কোম্পানির তালিকাভুক্তি বৃদ্ধি এবং শেয়ারদর কারসাজি প্রতিরোধে কোনো মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে না। নিয়ন্¿ক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি টাস্কফোর্স গঠন করলেও তার প্রতিবেদন বা সুপারিশ বাস্তবায়নের বিষয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। বর্তমান সংকট কাটিয়ে দীর্ঘ মেয়াদে দেশের পুঁজিবাজারকে টেকসই করার জন্য সরকারের জরুরি ভিত্তিতে কিছু দৃশ্যমান কার্যক্রম হাতে নেওয়া আবশ্যক, যা বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে। ভালো কোম্পানির তালিকাভুক্তি বাধ্যতামূলক করা, সরকারের উচিত হবে বড় এবং লাভজনক অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করা বা বাধ্য করা। কেন্দ্রীয় ব্যাংক প্রাতিষ্ঠানিক ঋণগ্রহীতাদের ঋণের সর্বোচ্চ পরিমাণকে তাদের কোম্পানির পুঁজির সঙ্গে সম্পৃক্ত করে দিতে পারে, যাতে তারা অর্থায়নের জন্য পুঁজিবাজারের দিকে যেতে উৎসাহিত হয়। সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা: কারসাজি প্রতিরোধে কমিশনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু জরিমানা নয়, শেয়ার কারসাজির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ফ্লোর প্রাইসের মতো কৃত্রিম ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করে বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। একই সঙ্গে অদক্ষ ব্যবস্থাপনা ও অর্থ সংগ্রহে দীর্ঘসূত্রতা দূর করে উদ্যোক্তাদের পুঁজিবাজারমুখী করতে কার্যকর বন্ড মার্কেট তৈরি করতে হবে। বিগত সরকারের আমলে তালিকাভুক্ত দুর্বল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং লাগামহীন কারসাজির সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা জরুরি। কেবল নিয়ন্¿ক সংস্থা বা দু-একজনের পরিবর্তন করে নয়, বরং সামগ্রিক রাজনৈতিক সুশাসন নিশ্চিত করে এবং অভিনব বাজার সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের সম্যক সম্ভাবনাকে পুনরুদ্ধার করা সম্ভব। সরকারকেই প্রথম পদক্ষেপ নিতে হবে এবং বিনিয়োগকারীদের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে হবে যে, দেশের দীর্ঘমেয়াদি এই বিনিয়োগ ক্ষেত্রটি এখন টেকসই প্রবৃদ্ধির পথে হাঁটতে প্রস্তুত। একসময় নতুন বিনিয়োগকারীর ভিড়ে মুখর ছিল বাজার, এখন তারা একে একে সরে যাচ্ছেন। দীর্ঘ মন্দাভাব, টানা দরপতন ও নীতিগত অনিশ্চয়তায় পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে বিদেশি বিনিয়োগের পরিমাণও কমছে পুঁজিরবাজারে। বিনিয়োগ করে লোকসান ছাড়া কেউ মুনাফা করতে পারছেন না। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের প্রথম ৯ মাসেই প্রায় ৩০ হাজার বিনিয়োগকারী তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ করে দিয়েছেন। একই সময়ে আরও প্রায় ৩২ হাজার বিনিয়োগকারীর হিসাব শেয়ারশূন্য হয়ে গেছে। অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬২ হাজার বিনিয়োগকারী কার্যত বাজার থেকে সরে দাঁড়িয়েছেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বিও হিসাব ছিল ১৬ লাখ ৮২ হাজার ৪৫২টি। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এ সংখ্যা নেমে আসে ১৬ লাখ ৩২ হাজার ২২৭-এ। এর মানে মাত্র ৯ মাসে কমেছে ৩০ হাজার ২২৫টি বিও হিসাব। পাশাপাশি শেয়ারশূন্য বিও হিসাব বেড়েছে ৩১ হাজার ৮৮৫টি। তবে অক্টোবরের শুরুতে বিও হিসাবের সংখ্যা কিছুটা বেড়ে থাকে। তবে গত সপ্তাহে ফের নিম্নগতি দেখা গেছে। সেপ্টেম্বর শেষে সক্রিয় বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৯ হাজার ২০৭টিতে, যাতে মোট শেয়ার ও ইউনিট রয়েছে ১০ হাজার ২৫৭ কোটি। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার ৪২ কোটি টাকা। অন্যদিকে শেয়ারশূন্য বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৫৯টিতে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানিতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিসি), বিডি থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, এমজেএলবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, রেকিট বেনকিজার, রেনেটা এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। প্রতিটি কোম্পানির বিদেশি শেয়ার ০.১০ শতাংশের বেশি কমেছে। এদিকে আর্থিক সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার খবরে পুঁজিবাজারে ব্যাংকের শেয়ার লেনদেনে ধস নেমেছিল। একীভূত হওয়া পাঁচটি ব্যাংকই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকায় এদের শেয়ারের দাম ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে ৫ টাকারও নিচে নেমে গিয়েছিল। দেশের পুঁজিবাজার এখন সত্যিই একটি কঠিন সময় পার করছে। বারবার সূচক পতন, লেনদেন কমে যাওয়া এবং বিনিয়োগকারীদের অনিশ্চয়তা—সব মিলিয়ে আস্থা সংকট স্পষ্ট। তবে এই সংকট কাটিয়ে ওঠা অসম্ভব নয়। বাজারে স্বচ্ছতা, কঠোর নিয়ন্¿ণ, কারসাজি দমন এবং সঠিক নীতি প্রয়োগ নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসবে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। দীর্ঘ মেয়াদে নিরাপদ ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে এখনই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।