রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

শেখ সাদী খান

প্রকাশ: ২৩:৫১, ১ সেপ্টেম্বর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প

কাজ শেষ করতে ব্যয় বৃদ্ধি ৯০২ কোটি টাকা

কাজ শেষ করতে ব্যয় বৃদ্ধি ৯০২ কোটি টাকা

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের মাত্র দশমিক শূন্য ৯ শতাংশ কাজ বাকি থাকতে নতুন করে এর নির্মাণব্যয় আরও ৯০২ কোটি টাকা বাড়ানো হচ্ছে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) এই অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, যা মূল প্রকল্পের খরচকে আরও বাড়িয়ে দিয়েছে। কাজের ধীরগতির বিপরীতে খরচের এমন উল্লম্ফন নিয়ে সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে নানা গুঞ্জন। প্রকল্পটির ভবিষ্যৎ ও ব্যয় ব্যবস্থাপনা এখন বড় ধরনের প্রশ্নের মুখে।

কাজের প্রায় ৯৯ দশমিক ৯১ শতাংশ শেষ হওয়ার পর শেষ মুহূর্তে আরও ৯০২ কোটি টাকা ব্যয় বাড়ানো ঠিকাদারসহ প্রকল্পসংশ্লিষ্ট সবার দুর্নীতি করার শামিল বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে প্রকল্পসংশ্লিষ্ট নথি ঘেঁটে দেখা যায়, প্রকল্পের সংশোধিত ডিপিপিতে বড় অঙ্কের ব্যয় বৃদ্ধি—কনসালটেন্সি, অতিরিক্ত কাজ ও মেরামতে বাড়ানো হয়েছে  ৯০২ কোটি টাকা। প্রকল্পটির তৃতীয় আরডিপিপি ২২ হাজার ২৬৭ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার  টাকায় পুনর্গঠিত করা হয়েছে।

কনসালটেন্সি ফিস: পরামর্শক খাতের ব্যয় নতুন করে ৩০ কোটি টাকা বাড়ানো হয়েছে।

অতিরিক্ত কাজ: মূল পরিকল্পনার বাইরে অতিরিক্ত কাজ বাবদ খরচ বেড়েছে ২০২ কোটি টাকা।

মেরামত খরচ: প্রকল্পের মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে সবচেয়ে বড় বরাদ্দ বাড়ানো হয়েছে, যার পরিমাণ ৬৬৭ কোটি টাকা।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করতে এবং মাঠপর্যায়ের কিছু জরুরি প্রয়োজনের কারণেই এই ব্যয় বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বারবার ডিপিপি সংশোধন ও খরচ বৃদ্ধির ফলে প্রকল্পের প্রকৃত লাভ ব্যাহত হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হওয়ার পরও শেষ মুহূর্তে এসে ব্যয় বাড়ানোর পুরোনো প্রবণতা থেকে বের হতে পারছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রকল্পের মাত্র দশমিক শূন্য ৯ শতাংশ কাজ বাকি থাকতে নতুন করে আরও ৯০২ কোটি টাকা ব্যয় বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি)। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, বারবার মেগা প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধির এই চড়া মূল্য দিতে হচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতি ও সাধারণ করদাতাদের। শেষ মুহূর্তের এই অতিরিক্ত বরাদ্দ প্রকল্পের আর্থিক স্বচ্ছতা এবং সঠিক পরিকল্পনা নিয়ে আবারও বড় প্রশ্ন দেখা দিয়েছে।

মেগা প্রকল্পের শেষ মুহূর্তে নতুন করে খরচ বাড়ানো নিয়ে যখন দেশজুড়ে নানা বিতর্ক ও সুশাসনের প্রশ্ন উঠছে, ঠিক তখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে যুক্ত হলো নতুন খরচের খাত। প্রকল্পের ৯১ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হলেও, বাকি থাকা মাত্র  দশমিক শূন্য ৯ শতাংশ কাজের অজুহাতে ডিপিপিতে নতুন করে আরও ৯০২ কোটি টাকা বাড়িয়ে নেওয়ার তোড়জোড় চলছে।

এদিকে দেশের রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের মতে, উন্নয়ন প্রকল্পের শেষ ধাপে এসে এমন বিপুল অঙ্কের ব্যয় বৃদ্ধি আসলে জবাবদিহিতার অভাব এবং অদক্ষ ব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন। এই অতিরিক্ত ব্যয় বরাদ্দ জনগণের অর্থের অপচয় নাকি কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার প্রচেষ্টা, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নতুন করে ৯০২ কোটি টাকা ব্যয় বৃদ্ধি সম্বন্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীএম রশিদুজ্জামান মিল্লাত,  শেয়ার বিজকে জানান, বিগত সরকারের আমলে শুধু ভবন উদ্বোধন করেই কাজ শেষ বলে চালিয়ে দেওয়ার একটি প্রবণতা ছিল। কিন্তু থার্ড টার্মিনালের মেশিনারিজ এবং প্রয়োজনীয় বিভিন্ন সংকেত বা সংযোজন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এছাড়া টার্মিনালে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার মূল্যের রাষ্ট্রীয় সম্পদ পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। ফলে একদিকে সরকার এটি ব্যবহার করতে পারছিল না, অন্যদিকে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার কাছ থেকে নেওয়া ঋণের বড় অঙ্কের কিস্তি পরিশোধ শুরু হলেও অবকাঠামো সচল না থাকায় কোনো আয় হচ্ছিল না। ফলে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সার্বিক হিসাব-নিকাশ পর্যালোচনা করে দেখে, কাজ চূড়ান্তভাবে সম্পন্ন করা, ঠিকাদারের আগের কিছু বকেয়া পরিশোধ এবং অন্যান্য সংস্থার বকেয়া মেটানোর মাধ্যমে অবকাঠামো চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন। এটা ব্যয় বৃদ্ধি নয় বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, স্বচ্ছতার ভিত্তিতেই এই অর্থের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অতিরিক্ত অর্থ অনুমোদন না হলে সুবিশাল টার্মিনালটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে থাকত, যা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর হতো। অতিরিক্ত ৯০২ কোটি টাকা অনুমোদন হলে খুব দ্রুত থার্ড টার্মিনাল চালু করা সম্ভব হবে। এতে বর্তমানে ১ দশমিক ২ মিলিয়ন যাত্রীর জায়গায় দ্বিগুণ যাত্রীকে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। সেখান থেকে পাওয়া আয় দিয়ে জাইকার ঋণ সহজেই পরিশোধ করা যাবে বলেও জানান তিনি।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো ঢাকার হযরত শাহজালাই আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল সুবিধা সমপ্রসারণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিমান পরিবহনের ভবিষ্যৎ চাহিদা মেটানো এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা, সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করা, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও অবদান রাখা বলে মন্তব্য করেন বিমানমন্ত্রী।

প্রকল্প পরিচালক প্রকৌশলী এ এইচ এমডি নুরুদ্দীন চৌধুরী শেয়ার বিজকে জানান, প্রকল্পের প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপির ব্যয় বৃদ্ধির বিভাজন, জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত ৩০ মাসের মেইনটেন্যান্স ব্যয় ৬৬৭ কোটি টাকা এবং জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত সময়ের নির্মাণকাজের সুপারভিশন-সংক্রান্ত পরামর্শক সেবা ফি ৩০ কোটি টাকা। এ ছাড়া ভেরিয়েশন কাজ ইন্স্যুরেন্স, ফিক্সড গ্যাংওয়ের ভেরিয়েশন কাজ, ডোর অ্যান্ড উইনডোজের ভেরিয়েশন, সুয়েজ ট্রিটমেন্ট প্লান্টের সিস্টেমের ভেরিয়েশন, আইটি ইক্যুপমেন্ট পরিবর্তন জনিত ভেরিয়েশন, রেডিও কমিউনিকেশন সিস্টেমের ব্যান্ড পরিবর্তন জনিত ভেরিয়েশন ২০২ কোটি টাকা। সব মিলিয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে ৯০২ কোটি টাকা। 

প্রকল্পের নথিতে আরও দেখা যায়, দ্বিতীয় আরডিপিপিতে অপারেশন রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারসহ (ওআরএটি) ডিজাইন ও নির্মাণ তত্ত্বাবধান পরামর্শক সেবার জন্য ৯২৭৩ ম্যান-মান্থ ব্যয়ে ৮৫১৯৭ দশমিক ২৭ লাখ টাকা অনুমোদন করা হয়েছিল, যা জুন ২০২৭ পর্যন্ত ১২০ মাসের জন্য প্রযোজ্য এমন উল্লেখ করা হয়েছিল।

এ ছাড়া তত্ত্বাবধানমূলক কাজগুলো সম্পাদনের জন্য অনুমোদিত দ্বিতীয় আরডিপিপি’র তুলনায় পরামর্শকের জনবল (৯৬৩২-৯২৭৩) = ৩৫৯ মাস বৃদ্ধি করা হবে। কর ও ভ্যাট ব্যতীত পরামর্শক সেবার মোট ব্যয় ধরা হয়েছিল ৮৮২৯৩ দশমিক ২০ লাখ টাকা।

প্রাপ্ত নথিতে দেখা যায়, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি নিয়োগকর্তার সঙ্গে একটি বিশেষ সভায় ঠিকাদার সভার সিদ্ধান্ত অনুসারে, নিয়োগকর্তার কাছে অবিলম্বে অর্থ পরিশোধের অনুরোধ করেন এবং তাকে জানানো হয়, নিয়োগকর্তার জন্য জাইকা তহবিল থেকে জাপানি ইয়েনকে টাকায় রূপান্তর করা একটি বাস্তব সমস্যা, যা করতে যথেষ্ট সময় লাগে এবং এক্ষেত্রে অবিলম্বে অর্থ পরিশোধে বাধা সৃষ্টি করে।

নথিতে দেখা যায়, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঠিকাদার জাপানি ইয়ান থেকে বাংলাদেশি টাকাতে বিনিময়ের অতিরিক্ত সময় এড়ানোর জন্য সম্মিলিত জাপানি ইয়ান অর্থাৎ ২০ হাজার ৭৬৯ কোটি ৪৯৮ লাখ ৭৬৬ থেকে বাংলাদেশি টাকায় পেমেন্ট গ্রহণের অনুরোধ করা হয়েছে।

প্রকল্পের নথিতে দেখা যায়, এছাড়া প্রকল্পটির তৃতীয় আরডিপিপি ২২,২৬৭,৬৬ দশমিক ৯৫ (২২ হাজার ২৬৭ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার) লাখ টাকা ব্যয়ে প্রস্তুত করে ২০২৬ সালের ২৪ জুন প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, প্রস্তাবিত আরডিপিপির ওপর ২০২৬ সালের ৩০ জুন একটি পিআইসি সভা এবং ২০২৫ সালের ৫ জুলাই একটি প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি) সভাও অনুষ্ঠিত হয়েছিল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে ২০২৬ সালের ১৫ জুলাই প্রস্তাবিত আরডিপিপি’র ওপর একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভাগুলোর আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের অনুমোদনের জন্য প্রকল্পটির তৃতীয় আরডিপিপি ২২,২৬৭,৬৬ দশমিক ৯৫ (২২ হাজার ২৬৭ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার) টাকায় পুনর্গঠিত করা হয়েছে।

এ ছাড়া ঠিকাদারের সঙ্গে প্রকল্পসংশ্লিষ্টদের মতবিরোধ দেখা দিলে ডিবি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি এক রেফারেলের ওপর সিদ্ধান্ত জারি করে। সেখানে উল্লেখ করা হয়—

ক. ঠিকাদারকে বকেয়া বিল বাবদ ১৫৭৯ দশমিক ৫১ কোটি টাকা অবিলম্বে পরিশোধ করা হবে।

খ. আর্থিক খরচ বাবদ ৪৭ কোটি টাকা ঠিকাদারকে অবিলম্বে পরিশোধ করা হবে।

গ. জিসি উপধারা ১১ দশমিক ৩ অনুসারে প্রকৌশলী কর্তৃক ডিএনপি বৈধভাবে বর্ধিত করা হয়নি এবং ফলস্বরূপ কাজের জন্য ডিএনপি ২০২৫ সালের ১ জানুয়ারি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

ঘ. প্রকল্পের সব অসমাপ্ত ও ত্রুটিপূর্ণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ঠিকাদারকে কোনো কার্যসম্পাদন সনদপত্র প্রদান করা হবে না।

ঙ. প্রকল্পের অধীনে সব কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত পারফরম্যান্স সিকিউরিটি (জাপানের এমইউএফজি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ১২৩১ দশমিক ১৩ কোটি টাকার (ব্যাংক গ্যারান্টি) ঠিকাদারকে হস্তান্তর করা হবে না।

প্রকল্পের ফিনিশিং কাজের মধ্যে রয়েছে বিমানবন্দরের অভ্যন্তরীণ সাজসজ্জা, সর্বাধুনিক ইমিগ্রেশন ও ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমের চূড়ান্ত পরীক্ষা এবং সংযোগ সড়কের ফিনিশিং টাচ। নতুন এই ব্যয় প্রস্তাব অনুমোদন পেলে দ্রুতই বাকি  দশমিক শূন্য ৯ শতাংশ কাজ শেষ করে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, থার্ড টার্মিনালকে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কিছু নতুন উপাদান যুক্ত করা হচ্ছে। এই বাড়তি বরাদ্দের ফলে মূল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় আগের চেয়ে অনেকটাই বেড়ে যাচ্ছে।