রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

মাহামুদুল হাসান

প্রকাশ: ১৮:০৮, ৩০ আগস্ট ২০২৬

জলে-স্থলে ভয়াবহ মানব পাচারের ফাঁদ

জীবনের ঝুঁকি আর মুক্তিপণের টাকা জোগাড় করতে নিঃস্ব হচ্ছে পরিবার

জীবনের ঝুঁকি আর মুক্তিপণের টাকা জোগাড় করতে নিঃস্ব হচ্ছে পরিবার

ছবি সংগৃহীত

পরিবারের কাউকে কিছু না জানিয়ে গত ১৩ ফেব্রুয়ারি বাসা থেকে বের হয়ে যায় নীরব (ছদ্মনাম)। মাত্র ১৮ বছর বয়সি নীরব মহেশখালীর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্বপ্ন ছিল পড়াশোনা চালিয়ে যাওয়া কিন্তু আত্মীয়ের প্ররোচনা, বিদেশে উচ্চ আয়ের প্রলোভন এবং সংঘবদ্ধ মানবপাচারকারীদের ফাঁদে পড়ে এই কিশোরের জীবনে নেমে আসে ভয়াবহ নির্যাতন। প্রায় ছয় মাসেরও বেশি সময় পর ১২ আগস্ট দেশে ফিরলেও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত নীরব। ১৩ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর এখন তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। শারীরিক অবস্থার কিছতা উন্নতি হলেও এখনো কথা বলতে পারছেন না সদ্য কৈশোর পেরোনো এই তরুণ। তার পরিবারের দাবি—পাচার হওয়ার পর থেকে দেশে ফিরিয়ে আনতে ধাপে ধাপে ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।

কক্সবাজারের টেকনাফ উপকূল ও সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামপ্রতিক একের পর এক অভিযানের তথ্য বলছে, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবৈধ সমুদ্রযাত্রার নামে মানবপাচার এখনও সক্রিয়। একই সঙ্গে এসব চক্রের কৌশলেও দেখা যাচ্ছে পরিবর্তন, পরিচিত ব্যক্তি বা আত্মীয়ের মাধ্যমে নিয়োগ, গোপন আস্তানায় আটকে রাখা, নির্যাতন করে মুক্তিপণ আদায় এবং পরে নৌপথে বিদেশে পাঠানোর একটি সংঘবদ্ধ ব্যবস্থা তৈরি হয়েছে।

নীরবের পরিবারের বর্ণনা অনুযায়ী, মালয়েশিয়ায় দীর্ঘদিন বসবাসকারী তার দূরসম্পর্কের আত্মীয় সাদেক তাকে বিদেশে কাজের প্রলোভন দেখান। পড়াশোনা চালিয়ে যেতে চাইলেও বেশি আয়ের আশ্বাসে তাকে বাড়ি ছাড়তে রাজি করানো হয়। তাকে বলা হয় এখন টাকা দিতে হবে না, মালয়েশিয়া পৌঁছে কাজ করে ধীরে ধীরে টাকা পরিশোধ করতে পারবে। এই আশ্বাসেই সমুদ্রপথে মালয়েশিয়া যেতে রাজি হয় নীরব। আর এতেই বিপদ বুঝে ওঠার আগেই ফাঁদে পড়ে যান তিনি।

১৩ ফেব্রুয়ারি তাকে স্পিডবোটে মহেশখালী থেকে কক্সবাজার তারপর সড়কপথে টেকনাফের একটি গোপন স্থানে নেওয়া হয়। বিপদ আঁচ করতে পেরে মালয়েশিয়াগামী নৌকায় উঠতে অস্বীকৃতি জানালে সেখানে প্রায় ১২ দিন আটকে রেখে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে পরিবার জানিয়েছে। পরে জোর করে অন্য অভিবাসীদের সঙ্গে থাইল্যান্ডগামী নৌকায় তুলে দেওয়া হয়।

পরিবারের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রায় ২২ দিন পর নীরব হোয়াটসঅ্যাপে তার বড় বোনের সঙ্গে যোগাযোগ করে জানান, তাকে থাইল্যান্ডের একটি ক্যাম্পে আটক রাখা হয়েছে। ক্যাম্প থেকে মুক্ত করে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার বিনিময়ে ৪ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ক্যাম্পে তাকে হত্যা করে ফেলবে বলে জানায় সাদেক নামের সেই প্রবাসী। ছেলের জীবন বাঁচাতে পরিবার গবাদিপশু বিক্রি ও চড়া সুদে ঋণ নিয়ে প্রথমে ৩ লাখ ৭০ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করে।

টাকা পাঠানোর বেশ কিছুদিন পর অবৈধ উপায়ে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে স্থানীয় পুলিশের হাতে আটক হন নীরব। তার পরিবার আবারও টাকা খরচ করে তার ছবি ও ভিডিও সংগ্রহ করে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করে। দেশে ফিরিয়ে আনতে প্রশাসনিক প্রক্রিয়া, কাগজপত্র, বিমানভাড়া এবং অন্যান্য খরচ যোগ হয়ে পরিবারের আর্থিক ক্ষতি আরও বাড়ে। দীর্ঘ ৪ মাস দেশটির কেলান্তানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে বন্দী থাকার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় গেল ১২ আগস্ট দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে চিকিৎসাধীন থাকলেও, তিনি এখনও স্বাধীনভাবে কথা বলা ও চলাফেরা করতে পারছেন না।

চলতি বছরের ২১ আগস্ট টেকনাফে র্যাবের অভিযানে মালয়েশিয়ায় সমুদ্রপথে পাচারের জন্য জড়ো করা ১০ জনকে উদ্ধার করা হয় এবং মানবপাচার চক্রের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, নাইক্ষ্যংপাড়া এলাকায় এসব মানুষকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল।

এর আগে ৬ জুন টেকনাফ উপকূলে কোস্টগার্ডের অভিযানে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৩৯ জন বাংলাদেশি এবং ১১ জন রোহিঙ্গা ছিলেন। ওই অভিযানে নয়জন সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের আশ্বাস দিয়ে তাদের টেকনাফে আনা হয়েছিল।

ফেব্রুয়ারিতেও টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৫৫ জনকে উদ্ধার এবং পাঁচজন সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়। একই মাসে আরেক অভিযানে ১৫ জন, যাদের মধ্যে ছয় নারী ও চার শিশু ছিল, তাদের উদ্ধার করা হয়। মার্চে বাহারছড়ার একটি বাগান থেকে আরও ৩২ জনকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, পাচারকারীরা বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য প্রলোভন দেখাচ্ছিল।

মার্চে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে চট্টগ্রামের নিখোঁজ দুই কিশোরকেও উদ্ধার করা হয়। ওই ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে পুলিশ মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সম্পৃক্ত একটি নেটওয়ার্কের কথা জানায়। ভুক্তভোগীরা তাদের আটকে রেখে মারধর এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগ করেন।

সামপ্রতিক অভিযানগুলো থেকে একটি বিষয় স্পষ্ট যে, মানবপাচার এখন শুধু সমুদ্রপথে নৌকা ধরার মধ্যে সীমাবদ্ধ নেই। ভুক্তভোগীদের প্রথমে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফের বাড়ি, বাগান, গুদাম বা দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে রাখা হচ্ছে। এরপর সুযোগ বুঝে নৌপথে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চের অভিযানে পাচারের জন্য ব্যবহূত গোপন আস্তানা থেকে নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করা হয়। জুনে সমুদ্রে সরাসরি ট্রলার আটক করে ৫০ জনকে উদ্ধার এবং নয়জনকে আটক করা হয়। আগস্টে আবার স্থলভাগের একটি অবস্থান থেকে ১০ জনকে উদ্ধার করা হয়। অর্থাৎ পাচারকারীদের কর্মকাণ্ডে নিয়োগ, পরিবহন, গোপন স্থানে আটকে রাখা এবং সমুদ্রযাত্রা্তএকাধিক ধাপের সমন্বিত কাঠামো রয়েছে বলে সামপ্রতিক অভিযানগুলো ইঙ্গিত করছে।

একইভাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে পাচারের জন্য ব্যবহূত হচ্ছে মিয়ানমার ও থাইল্যান্ডের মতো একাধিক দেশের স্থলভাগ, জঙ্গল ও উপকূলীয় এলাকা। এমন সব জায়গা যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান কম বা নজরদারির বাইরে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান অবশ্যই পাচারকারীদের বিরুদ্ধে চাপ তৈরি করছে। কিন্তু ঘটনাগুলো থেকে দেখা যাচ্ছে, অনেক অভিযানে ভুক্তভোগীদের উদ্ধার করা গেলেও মূল হোতারা পালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির ১৫ জন উদ্ধারের ঘটনায় পাচারকারীরা পালিয়ে যায়; মার্চে সাতজনকে উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মার্চের ৩২ জন উদ্ধারের ঘটনাতেও পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অন্যদিকে জুনের অভিযানে নয়জন সন্দেহভাজনকে আটক এবং আগস্টে একজনকে গ্রেপ্তার করা হলেও, পাচার চক্রের পুরো নেটওয়ার্ক্তবিশেষ করে অর্থ সংগ্রহকারী, স্থানীয় নিয়োগকারী, পরিবহনকারী, নৌকার মালিক, বিদেশি যোগাযোগকারী এবং অর্থ লেনদেনের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও বিচারের আওতায় আনা কতটা সম্ভব হচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন।

টেকনাফে পরিস্থিতি মোকাবিলায় জুলাইয়ে প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় অপহরণ, মাদক ও মানবপাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পাচারের সঙ্গে জড়িতদের তালিকা তৈরি, স্থানীয় সহযোগীদের শনাক্ত এবং সমন্বিত অভিযান চালানোর কথা বলা হয়। এতে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে গত মার্চ পর্যন্ত ১৫ মাসে ৩৫২ মানব পাচার মামলার বিচার নিষ্পত্তি হয়। আশ্চর্যজনক হলেও সত্য, এর মধ্যে মাত্র ১৫ মামলার ৩৯ আসামি সাজা পেয়েছে। বাকি ৩৩৭ মামলার এক হাজার ২৫৯ আসামি খালাস পেয়ে যান।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০১৮ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ৮ বছর ৫ মাসে মানব পাচার-সংক্রান্ত মামলা হয়েছে ৬ হাজার ৮২৫টি। আসামি সংখ্যা ৩০ হাজার ২৯৫। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে ১১ হাজার ২৮০ জনকে। এই এক বছরে মানব পাচারের শিকার হয়েছেন ১০ হাজার ৪৪৪ জন এবং উদ্ধার করা হয়েছে ৭ হাজার ১৯০ জনকে।

গত জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে মানব পাচারের ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ৫০০। এতে আসামি সংখ্যা ২ হাজার ৩৩৪। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৪৫১ জনকে। বাকি আসামি দেশ-বিদেশে পলাতক। এই পাঁচ মাসে সংঘবদ্ধ চক্র ১ হাজার ১৩৫ জনকে বিভিন্ন দেশে পাচার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালে মানব পাচার-সংক্রান্ত আদালতে ২৪৫টি মামলার বিচার নিষ্পত্তি হয়। এর মধ্যে ৯টি মামলায় ২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। বাকি ২৩৬ মামলার আসামি খালাস পেয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে আদালতে ১০৭টি মামলার বিচার নিষ্পত্তি হয়। এর মধ্যে ছয়টি মামলায় ১১ জনের সাজা হয়। বাকি ১০১ মামলার আসামিরা খালাস পেয়ে যায়।

মামলার সংখ্যার হিসেবে সাজার হার কম হওয়ার পেছনে অনেকগুলো কারণ ও সমীকরণ থাকতে পারে। যেমন তদন্তকারী সংস্থার পক্ষে লেনদেন ও চুক্তি সম্পর্কিত পর্যাপ্ত তথ্য ও প্রমাণ, আলামত উদ্ধার করতে না পারা, দুর্বল তদন্ত প্রতিবেদন, আদালতের বাইরে আপস করে নেওয়া ও পর্যাপ্ত সাক্ষীর অভাবে অনেক মামলায় আসামি দোষী প্রমাণিত হয় না বিধায় মুক্তি পেয়ে যায়।

নীরবের ঘটনায় পাচারকারীদের কৌশলের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, ভুক্তভোগীকে পরিচিত বা আত্মীয়ের মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছে বলে পরিবার জানিয়েছে। দ্বিতীয়ত, বিদেশে পৌঁছানোর আগেই তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তৃতীয়ত, পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মুক্তিপণ আদায় করা হয়েছে। চতুর্থত, বাংলাদেশ থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া—একাধিক দেশের ভূখণ্ড ও সমুদ্রপথ ব্যবহার করা হয়েছে।

এ ধরনের ঘটনায় শুধু স্থানীয় দালাল গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। পাচারকারীদের আন্তঃদেশীয় যোগাযোগ, অর্থের গতিপথ এবং বিদেশে থাকা সহযোগীদের শনাক্ত করা জরুরি। কারণ নীরবের মতো ভুক্তভোগীদের ক্ষেত্রে নৌকায় ওঠার পরপরই পাচার শেষ হয় না; বরং বিদেশে পৌঁছানোর পরও আটকে রাখা, নির্যাতন ও মুক্তিপণের দাবির নতুন অধ্যায় শুরু হয়।

কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সামপ্রতিক তৎপরতায় উদ্ধার ও গ্রেপ্তারের সংখ্যা যেমন আছে, তেমনি বারবার নতুন ভুক্তভোগী শনাক্ত হওয়ার ঘটনাও রয়েছে। ২০২৬ সালে কয়েক মাসের ব্যবধানে ১৫০ জনের বেশি ভুক্তভোগীকে পাচারের হাত থেকে উদ্ধার করার ঘটনা প্রমাণ করে যে চক্রগুলো এখনো সক্রিয় এবং সময় ও সুযোগের সঙ্গে খাপ খাইয়ে মানব পাচার চালিয়ে যাচ্ছে।

এ কারণে কক্সবাজারের মানবপাচার মোকাবিলায় সমুদ্রপথে নজরদারি ও তাৎক্ষণিক অভিযান আরও শক্তিশালী করার পাশাপাশি নিয়োগ পর্যায়েই পাচারকারীদের শনাক্ত করা, ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ দ্রুত গ্রহণ, আর্থিক লেনদেন অনুসরণ, স্থানীয় সহযোগীদের চিহ্নিত করা এবং আন্তঃদেশীয় নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত জরুরি।

নীরব বেঁচে ফিরেছেন; কিন্তু তার চিকিৎসা, পরিবারের ঋণের বোঝা এবং হারিয়ে যাওয়া শিক্ষাজীবন—সব মিলিয়ে এই বেঁচে ফেরার মূল্যও কম নয়। তার ঘটনা মনে করিয়ে দেয়, মানবপাচারের মূল ব্যবসায়িক কাঠামো ভেঙে না দিতে পারলে কক্সবাজার, টেকনাফের উপকূল থেকে নতুন নীরবদের যাত্রা থামবে না। পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা ও কঠোরভাবে আইনের প্রয়োগ।

 

কেইস ম্যানেজমেন্ট অফিসার, মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক