গ্যাস সংকট: দেশের উন্নয়নের পথে নীরব এক বাধা
ছবি সংগৃহীত
বাংলাদেশের অর্থনীতি ও জনগণের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে রান্নাবান্না সব ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার অপরিহার্য। আবার একটি দেশের উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন জনগণের মৌলিক চাহিদা পূরণ করা। মৌলিক চাহিদার মধ্যে সর্বপ্রথম চাহিদা হলো খাদ্য। কিন্তু সামপ্রতিক সময়ে দেশে প্রাকৃতিক গ্যাসের সংকট এমন পর্যায়ে পৌঁছেছে, যেটা মানুষের মৌলিক চাহিদা পূরণের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধু মানুষের মৌলিক চাহিদা নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। গ্যাস সংকট কেবল একটি জ্বালানি সংকট নয় বরং দেশের উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গ্যাস সংকটের কারণে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকলে নতুন স্থাপনের আগ্রহ কমে যায়,যা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘ মেয়াদে বাধাগ্রস্ত করে। সামপ্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাসের চাপ কম থাকে কিংবা একেবারেই গ্যাস পাওয়া যায় না, যার দরুন সাধারণ মানুষকে রান্না করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, আবার অনেক সময় তারা রান্নাই করতে পারে না। শহরের সাধারণ জনগণের এই দুর্ভোগের পাশাপাশি ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট এবং বেকারি গুলোরও উৎপাদন ব্যাহত হওয়ায় সবাই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্যাস সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে শিল্প খাতে। দেশের তৈরি পোশাক ও সিরামিকসহ অন্যান্য শিল্পকারখানায় উৎপাদন কমে যাচ্ছে। অনেক শিল্পকারখানা প্রাকৃতিক গ্যাস না পেয়ে বিকল্প ব্যবস্থা করছে আবার অনেক কারখানা তাদের উৎপাদন বন্ধ রেখেছে। এতে দেশের মানুষের চাহিদা পূরণে সমস্যা হচ্ছে এবং সেই সঙ্গে রপ্তানি কমে যাচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সমূহ অবস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের আস্থা কমে যায় যার নেতিবাচক প্রভাব দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের উপর পড়ে। আবার বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস নির্ভর হওয়ার কারণে গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ খাতে। প্রাকৃতিক গ্যাস না থাকলে বিদ্যুৎ উৎপাদন কমে যায় এবং লোডশেডিং বেড়ে যায়। একই সঙ্গে বিদ্যুতের ঘাটতির কারণে আবার শিল্প, স্বাস্থ্য, সেবা এবং তথ্যপ্রযুক্তির অন্যান্য খাতসহ প্রায় সকল ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের সংকট পুরো অর্থনীতির উপর চাপ সৃষ্টি করে। প্রাকৃতিক গ্যাসের সংকটের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এক্ষেত্রে দেশের পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে এবং নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও অনুসন্ধানের গতি প্রত্যাশিত নয়। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়নের কারণে গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়ছে। গ্যাস সংকটের ব্যাপারে সরকারের উদাসীনতাও গ্যাস সংকটের একটি গুরুত্বপূর্ণ কারণ। এসবের পাশাপাশি গ্যাসের অপচয় অবৈধ সংযোগের কারণে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলায় শুধু স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা জরুরি। গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম আরো জোরদার করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাস উত্তোলন এবং নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে করতে হবে। এলএনজি গ্যাস আমদানির পাশাপাশি সরবরাহ ব্যবস্থা আরো দক্ষ ও স্থিতিশীল করতে হবে। গ্যাসের অপচয় রোধ, অবৈধ সংযোগ বন্ধ এবং পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিল্প ও গৃহস্থালিতে গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবের পাশাপাশি দীর্ঘ মেয়াদে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি ও অন্যান্য বিকল্প জ্বালানির প্রসার ঘটাতে পারলে প্রাকৃতিক গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমে আসবে। গ্যাস সংকট মোকাবিলার জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্যাসের সঠিক ব্যবহার, পরিকল্পিত বিতরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। জ্বালানি খাতে গবেষণা, দক্ষ জনবল তৈরি ও কার্যকর নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে এবং টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। গ্যাস সংকট শুধু বর্তমানের একটি সমস্যা নয়, এটি ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সময়োপযোগী পরিকল্পনা দক্ষ ব্যবস্থাপনা এবং সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সংকট অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কোন বিকল্প নেই। জনগণের মৌলিক চাহিদা খাদ্যের অভাব পূরণ করতে না পারলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিল্প খাতে এবং সাধারণ জনগণ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলা করে একটি নিরাপদ টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের উচিত এখনই প্রাকৃতিক গ্যাস সংকটের মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। নতুবা আমাদের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হবে এবং বাংলাদেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা কখনোই কাম্য নয়। বরং এই গ্যাস সমস্যা যদি কঠোর হতে দমন করা যায়, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারব এক সম্ভাবনাময় বাংলাদেশ।
অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ