সরকারি কারখানা বনাম বেসরকারি অনুমোদন
রেলের ভবিষ্যৎ কোন পথে
ছবি সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের (ইঞ্জিন) যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরির উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি রেলভবন থেকে জারি করা এক দাপ্তরিক নথিতে দেখা যায়, আমদানিনির্ভরতা কমাতে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে ট্রায়াল অর্ডারের ভিত্তিতে নমুনা যন্ত্রাংশ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের কালুরঘাটের ‘বেঙ্গল কার্বন টেকনোলজীস্’। রেলওয়ের নিজস্ব আধুনিক ওয়ার্কশপ থাকা সত্ত্বেও বেসরকারি খাতে এসব স্পর্শকাতর যন্ত্রাংশ তৈরির সুযোগ দেওয়ার যৌক্তিকতা ও প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে রেলের একাধিক কর্মকর্তা শেয়ার বিজকে জানান ‘বেঙ্গল কার্বন টেকনোলজীস্’-এর কারখানায় স্থাপিত যে মেশিনের তালিকা দেওয়া হয়েছে (যেমন: লেদ মেশিন, গ্রাইন্ডিং, মিলিং, হাইড্রোলিক প্রেস, ওভেন, মিলি ভোল্ট ড্রপ টেস্টার, পুল আউট স্ট্রেন্থ টেস্টার), তা মূলত সাধারণ ম্যানুফ্যাকচারিং ও প্রাথমিক বৈদ্যুতিক-যান্ত্রিক পরীক্ষার জন্য উপযোগী। তবে আন্তর্জাতিক মানের মেটালার্জিক্যাল বা রাসায়নিক ল্যাবরেটরি পরীক্ষার জন্য স্পেকট্রোমিটার বা মাইক্রোস্ট্রাকচার অ্যানালাইসিস এবং কোনো আধুনিক ল্যাব সরঞ্জাম নেই।
বেসরকারি খাতে যন্ত্রাংশ তৈরির যৌক্তিকতা ও সংবেদনশীলতা: রেলওয়ের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দ্রুত যন্ত্রাংশ প্রাপ্তি নিশ্চিত করতে ‘আমদানি বিকল্প’ বা স্থানীয় উৎস সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ‘আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’-কে ভিপি ফুট সুইচ এবং ওয়্যার প্লেট নামক দুটি যন্ত্রাংশের নমুনা তৈরির অনুমতি দেওয়া হয়েছে, যার একক আমদানি মূল্য যথাক্রমে প্রায় ১১ হাজার ৯০৫ টাকা এবং ৩ হাজার ২০ টাকা।
তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, লোকোমোটিভের যন্ত্রাংশ অত্যন্ত সংবেদনশীল। একটি সামান্য যন্ত্রাংশের ত্রুটি বা নিম্নমানের ধাতব সংমিশ্রণের কারণে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারে। নথিতে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর কারখানায় সাধারণ লেদ, ড্রিল বা ওয়েল্ডিং মেশিনের মতো প্রচলিত যন্ত্রপাতি রয়েছে। আন্তর্জাতিক মানের লোকোমোটিভ যন্ত্রাংশ তৈরিতে যে সূক্ষ্ম প্রকৌশল ও ল্যাবরেটরি পরীক্ষা প্রয়োজন—স্থানীয় সাধারণ ওয়ার্কশপগুলোতে তা কতটা নিশ্চিত করা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ শর্ত দিয়েছে যে, নমুনা তৈরির পর মূল নমুনার সাথে এর সাদৃশ্য এবং মেটাল কম্পোজিশন রিপোর্ট যাচাই করে অনুমতি সাপেক্ষে তা ইঞ্জিনে সংযোজন করা হবে।
নিজস্ব কারখানা উপেক্ষিত হওয়ার কারণ ও অভ্যন্তরীণ মতভেদ: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুরে বিশাল কারখানা ও নিজস্ব প্রকৌশল বিভাগ রয়েছে। তা সত্ত্বেও কেন বাইরে থেকে যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে—এমন প্রশ্নে রেলওয়ের অভ্যন্তরেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মেকানিক্যাল বিভাগের একাধিক কর্মকর্তা ও কারখানার কর্মীদের মতে, নিজস্ব কারখানায় আধুনিক মেশিনারিজ সংযোজন, কাঁচামাল সরবরাহ এবং দক্ষ জনবল নিয়োগে দীর্ঘসূত্রতা রয়েছে। অনেক ক্ষেত্রে কারখানার সক্ষমতাকে পুরোপুরি কাজে না লাগিয়ে আউটসোর্সিং বা বেসরকারি খাতের দিকে ঝোঁকার প্রবণতা দেখা যায়।
অন্যদিকে নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের যুক্তি হলো, সব ধরনের যন্ত্রাংশ রেলের নিজস্ব কারখানায় তৈরি করা সম্ভব নয় এবং বিশ্বের সব রেলওয়েতেই ভেন্ডর বা স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে যন্ত্রাংশ তৈরি করা হয়। এতে স্থানীয় শিল্পের বিকাশ ঘটে এবং জরুরি মুহূর্তে যন্ত্রাংশের সংকট এড়ানো যায়।
কমিটির ভূমিকা, আর্থিক হিসাব ও স্বচ্ছতার প্রশ্ন: নথি অনুযায়ী, এ বছর গত ২৪ জুন রেলভবনে অনুষ্ঠিত ‘নমুনা ইস্যু সুপারিশ কমিটি’র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (এলএম) মোহাম্মদ সাইফুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন পরিচালক (মেকানিক্যাল) এবং অতিরিক্ত সিসিএস (পাহাড়তলী)। পরে যুগ্ম মহাপরিচালকের (লোকো) অনুমোদনক্রমে উপপরিচালক (পিপিএন্ডসি) সুজিত মজুমদার নমুনা সরবরাহের চিঠি ইস্যু করেন।
নথিতে দেখা যায়, কমিটি প্রতিষ্ঠানগুলোর বিসিক নিবন্ধন সনদ ‘কিউআর’ কোড স্ক্যান করে এবং ব্যাংক সলভেন্সি (চাহিদা মূল্যের ৫০ গুণ তরল সম্পদ) যাচাই করে প্রাথমিকভাবে সঠিক বলে মত দিয়েছে। যেহেতু এটি কেবল ‘ট্রায়াল অর্ডার’, তাই এখনই প্রতিষ্ঠানগুলোকে কোনো অর্থ প্রদান করা হচ্ছে না; বরং তারা নিজ খরচে নমুনা তৈরি করে জমা দেবে। ‘বেঙ্গল কার্বন টেকনোলজীস্’-কে ঠিক কত টাকার বা কী কী যন্ত্রাংশের ট্রায়াল দেওয়া হয়েছে, তা এই নথিতে উল্লেখ না থাকলেও প্রক্রিয়াটি চূড়ান্ত ক্রয়াদেশে রূপ নিলে বড় অঙ্কের আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিস্বার্থ ও অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি উদ্বেগের। তবে টেন্ডার ও ভেন্ডর তালিকাভুক্তির প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের অভিমত ও রেলের ভবিষ্যৎ: পরিবহন ও প্রকৌশল বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর রেলওয়ের লোকোমোটিভ ও অবকাঠামো মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু আমদানিনির্ভরতা এবং যন্ত্রাংশের অভাবে প্রায়ই বহু ইঞ্জিন ও কোচ অকেজো হয়ে পড়ে থাকে। এই সংকট কাটাতে আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। তবে এর সফলতা নির্ভর করছে কঠোর মান নিয়ন্ত্রণের ওপর।
রেলের ভবিষ্যৎ টেকসই করতে হলে দুটি দিকে সমান গুরুত্ব দিতে হবে। প্রথমত, রেলওয়ের নিজস্ব কারখানাগুলোকে আধুনিকায়ন করে সেখানেই উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরির সক্ষমতা বাড়াতে হবে। দ্বিতীয়ত, বেসরকারি খাত থেকে যন্ত্রাংশ নেওয়ার ক্ষেত্রে কারিগরি মানদণ্ডে কোনো ধরনের আপস করা যাবে না। নমুনা পরীক্ষার নামে যেন কোনো অযোগ্য প্রতিষ্ঠান তালিকাভুক্ত হতে না পারে, সেজন্য বুয়েট বা তৃতীয় কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে যন্ত্রাংশের মান ও ধাতব গুণাগুণ পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। তবেই আমদানি নির্ভরতা কমবে এবং রেলওয়ের অর্থ ও যাত্রী নিরাপত্তা উভয়ই সুরক্ষিত থাকবে।